গ্রাম্য মাতব্বরের চাপে বাল্য বিবাহ, বরের বয়স ১৪ কনের ১১
পঞ্চগড়ের বোদা উপজেলার পল্লীতে পিতার অনুমতি ছাড়াই পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে বিয়ের পিড়িতে বসতে বাধ্য করা হয়েছে।
গ্রাম্য মাতব্বর ও প্রভাবশালীদের চাপেই এক কিশোরের সঙ্গে বাল্য বিবাহের এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ওই উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের বাবুরকামাত গ্রামে।
জানা গেছে, ওই গ্রামের সফিকুল ইসলামের কন্যা মোছা. আকলিমার (১১) সঙ্গে একই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে জাহাঙ্গীরের (১৪) বিয়ের কথা চলছিল। আকলিমা ওই এলাকার খালপাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।
ঘটনা জানতে পেরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এলাকার নিকাহ্ রেজিস্ট্রার, সাংবাদিকসহ সচেতন লোকজন এ বিয়েতে বাধ সাধেন।
তারা বিভিন্নভাবে এ বাল্য বিবাহ রোধ করার চেষ্টা করেন। আকলিমা ও তার পিতা এ বিয়েতে রাজি ছিল না। কিন্তু ওই এলাকার মাতব্বর সামিরউদ্দিন তাদের বিভিন্ন ভয়ভীতি দেখায়। পরে জোরপূর্বক আকলিমার মাকে রাজি করিয়ে ওই মাতব্বর মসজিদের ইমাম মো. সালামকে ডেকে এনে তাদের বিয়ে দেন।
এর আগে ওই এলাকার নিকাহ রেজিস্ট্রার আতাউর রহমান বাল্য বিবাহ শাস্তিযোগ্য হওয়ায় তিনি এ বিয়ে রেজিস্ট্রি করেননি।এ ব্যাপারে যোগাযোগ করলে কালিয়াগঞ্জ ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলাল কিশোরীর অভিভাবকদের আইনগত ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছেন বলে জানান।
