২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে পুলিশের ক্রসফায়ারে বাংলাভাই সমর্থক নিহত

টাঙ্গাইলে শুক্রবার গভীর রাতে পুলিশের সাথে ক্রসফায়ারে বাংলা ভাই সমর্থক ও শীর্ষ স্থানীয় সন্ত্রাসী জিন্নাত আলী (৩২) নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2005, 12:45 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

পুলিশ জানায়, শুক্রবার রাত আটটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের সিটকিবাড়ি থেকে একটি রিভলবারসহ জিন্নাত আলীকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার গভীর রাতে পুলিশ তাকে নিয়ে গাগরজান এলাকায় অস্ত্র উদ্ধার করতে গেলে সেখানে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলিবর্ষণ করে। এসময় পুলিশও পাল্টা গুলি চালালে ক্রসফায়ারে পড়ে জিন্নাত আলী নিহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে আরো একটি রিভলবার উদ্ধার করেছে। নিহত জিন্নাত আলী হুগড়া ইউনিয়নের মৈশারচর গ্রামের আব্দুল জব্বারের পুত্র।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে সাতটি হত্যাসহ ১৩টি মামলা রয়েছে। পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।