২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলীয় কোন্দলের কারনে তৃতীয় বারের মতো স্থগিত হয়ে গেল শ্রীনগর যুবদলের সম্মেলন

দলীয় কোন্দলের কারণে তিন দফা স্থগিত হয়ে গেল শ্রীনগর যুবদলের সম্মেলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2005, 11:16 AM

Updated : 26 Apr 2022, 05:59 PM

দীর্ঘ সাত বছর পর ৫ আগস্ট সকাল ১১টায় ঢাকায় বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এ সম্মেলন শুরু হওয়ার কথা ছিল। এর আগে ২৯ জুলাই ও ৪ আগস্ট সম্মেলনটির তারিখ ঘোষনা করা হয়েছিল।

ক্ষমতাসীন বিএনপি’র এ অঙ্গ সংগঠনটির সম্মেলনকে ঘিরে দলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে । অগনতান্ত্রিক পকেট কমিটি গঠন করার চেষ্টার অভিযোগ করে দল থেকে পদত্যাগের হুমকি দিয়েছে অনেকে। পরিস্থিতি সামাল দিতে এবং পকেট কমিটি গঠন রোধে পর পর দু’দিন ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠক হয়েছে।

৩ আগস্ট ঢাকার একমি ভবনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিন্হা স্থানীয় বিএনপি’র নেতাদের উপস্থিতিতে পকেট কমিটি করার জন্য অভিযুক্ত যুবদলের নেতা মোয়াজ্জেম হোসেনকে তলব করেন।

এর আগে ২ আগস্ট রাতে ঢাকার ওয়ান্ডারল্যান্ডে আরেকটি বৈঠক হয়। সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপি’র সভাপতি আব্দুল হাই এমপিসহ স্থানীয় ও কেন্দ্রীয় বেশ কয়জন নেতা উপস্থিত ছিলেন।

এ বৈঠকে উপস্থিত প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ও শ্রীনগর বিএনপি’র অন্যতম নীতি নির্ধারক মহিউদ্দিন খান মোহন বলেন, কতিপয় নেতা দলের গঠনতন্ত্রকে অবজ্ঞা করছে বলেই এসব দ্বন্দ্ব দেখা দিয়েছে । শ্রীনগর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, স্থানীয় যুবদলের অগঠনতান্ত্রিক কর্মকান্ডের তীব্র সমালোচনা করেছেন।