২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু হত্যা মামলা হিমাগারে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলাটি এখন হিমাগারে পড়ে আছে। সুুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারক সংকটের কারণে প্রায় সাড়ে তিন বছর ধরে এ মামলার শুনানি অনুষ্ঠিত হচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2005, 07:44 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

সুপ্রিম কোর্ট সূত্র শুক্রবার বিডিনিউজকে জানান, সর্বশেষ ২০০২ সালের ২৭ মার্চ মামলাটি শুনানির জন্য আপিল বিভাগে উত্থাপন করা হয়েছিল। তখন প্রধান বিচারপতি মাহমুদ-উল আমিন চৌধুরী মামলাটি নিষ্পত্তি করার জন্য সরকারের কাছে এডহক ভিত্তিতে আপিল বিভাগে দু’জন বিচারক নিয়োগের অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু সরকার তাতে সাড়া দেয়নি। এমনকি আওয়ামী লীগের কাছেও এ মামলাটি এখন সাময়িক রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। কেননা তারা কেবল আগস্ট মাস এলে এ মামলার রায় কার্যকরের দাবি করে থাকেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।

অতীতের মতো এবারেও বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকরের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে।

আওয়ামী লীগ সূত্র জানায়, বর্তমান চার দলীয় জোট সরকারের আমলে রায় কার্যকর হবে বলে তারা আশা করছেন না। এজন্য তারা আগস্ট ছাড়া অন্যান্য সময়ে রায় কার্যকর করার দাবি নিয়ে জোরদারভাবে মাঠে নামছেন না।

সাবেক আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু বলেন, আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় যাওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার রায় কার্যকর করা হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বঘোষিত খুনিদের বর্তমান সরকার পুরস্কৃত এবং পুনর্বাসিত করেছে। এ মামলার শুনানিকালে ছয় জন বিচারকের চারজনই বিব্রত হয়েছেন। বিশ্বের কোথাও একটি মামলায় এত বেশি বিচারক বিব্রত হওয়ার নজির নাই।

সুপ্রিম কোর্টে বিচারক সংকটের কারণে বিচার আদালতে এ মামলার রায় হওয়ার ছয় বছর পরও রায় কার্যকর হয়নি।

সূত্র জানায়, বিচারকরা জানিয়েছেন আপিল বিভাগের বিচারক সংকটের কারণে ২০০৭ সালের আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার রায় কার্যকর করার সম্ভাবনা নাই।

এ মামলার সাবেক প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আনিসুল হক শুক্রবার বিডিনিউজকে বলেন, বর্তমান সরকার যে আচরণ করছে তাতে মনে হয় না ২০০৭ সালের পুর্বে এ মামলার নিষ্পত্তি হবে।

সংবিধান অনুযায়ী, এ মামলার শুনানি অনুষ্ঠানের জন্য আপিল বিভাগের তিন জন বিচারক প্রয়োজন।

আপিল বিভাগের ছয়জন বিচারকের মধ্যে কেবল মাত্র বিচারপতি তোফাজ্জল ইসলাম এ মামলার শুনানি অনুষ্ঠান করতে পারবেন।

বাদী পক্ষের আইনজীবীরা বঙ্গবন্ধু হত্যা মামলাটি নিষ্পত্তির লক্ষ্যে সরকারের কাছে এডহক ভিত্তিতে আপিল বিভাগে দু’জন বিচারক নিয়োগের দাবি জানিয়েছিলেন।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ আগে বলেছিলেন, সংবিধানের ধারা অনুযায়ী রাষ্ট্রপতি এডহক ভিত্তিতে মাত্র একজন বিচারক নিয়োগ করতে পারেন, দু’জন নয়।

অ্যাডভোকেট আনিসুল হক আইনমন্ত্রীর এই বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, রাষ্ট্রপতি এ মামলার জন্য আপিল বিভাগে প্রয়োজনীয় সংখ্যক বিচারক নিয়োগ করতে পারেন।

তিনি বলেন, সরকার এ মামলার নিষ্পত্তির ব্যাপারে একেবারেই আন্তরিক নয়। বিভিন্ন দেশে পলাতক আট জনের বিরুদ্ধে রায় দেয়া হলেও সরকার তাদের গ্রেফতারের কোনও চেষ্টা চালাচ্ছে না।

তিনি আরও বলেন, এমনকি ২০০২ সালের ১৯ ডিসেম্বর এ মামলার আইনজীবীদেরকেও সরিয়ে দেয়া হয়।

বিচার আদালত ১৯৯৯ সালের ৮ নভেম্বর অভিযুক্ত ১৫ জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেন। তবে হাইকোর্ট ২০০১ সালের ৩০ এপ্রিল ১২ জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ বহাল রাখেন এবং বাকি তিন জনকে খালাস দেন।