রাজধানীর মিরপুরে অজ্ঞাত বন্দুকধারির গুলিতে পিতা নিহত, ছেলে গুরুতর আহত
রাজধানীর মিরপুর এলাকায় শুক্রবার অজ্ঞাত বন্দুকধারির গুলিতে এক ব্যবসায়ী নিহত এবং তার ছেলে গুরুতর আহত হয়েছেন। এরা হচ্ছেন-- শহিদুল ইসলাম কাজী (৫০) ও প্রিন্স (১৮)। স্থানীয় বাইতুল মামুর মসজিদে জুম্মার নামায শেষে ফেরার পথে বন্দুকধারিদের গুলির শিকার হন তারা।
হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ ব্যবসায়ী ও স্থানীয় জনগণ মিরপুরে সড়ক অবরোধ এবং গাড়ি ভাংচুর করে। শহিদুল ইসলাম মিরপুর স্টেডিয়াম এলাকায় আব্দুল্লাহ বেকারীর এবং প্রিন্স হোটেলের মালিক। তারা মিরপুরের দক্ষিণ বিসিলের ১৬৫ নং বাড়ির বাসিন্দা। গ্রামের বাগি চাঁদপুর জেলায়।
পুলিশ জানায়, তিন চার জন বন্দুকধারি মসজিদের সামনে দাড়িয়ে তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে।
ঘটনার পর বন্দুকধারিরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে স্থানীয়রা তাদের ধানমন্ডির শমরিতা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শহিদুল ইসলামকে মৃত বলে ঘোষণা করেন।
উচ্চ মাধ্যমিক শ্রেনির ছাত্র প্রিন্সের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
শহীদুল ইসলামের হত্যাকান্ডের খবর ছড়িয়ে পড়লে শত শত বিক্ষুব্ধ জনতা মিরপুর –১ এলাকায় সড়কে মিছল এবং গাড়ি ভাংচুর করে।
হত্যাকান্ডের কারণ সম্পর্কে পুলিশ এখনও কিছু জানাতে পারেনি। এ ঘটনার সাথে জড়িত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি এবং এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনও মামলা দায়ের হয়নি।
