ডলারের দাম বাড়ায় সবগুলো এয়ারলাইন্সের ভাড়া আবার বাড়ছে
ডলারের সঙ্গে টাকার বিনিময়ের হার পুনর্নিধারনের ফলে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে চলাচলকারী এয়ারলাইন্সগুলোর টিকিটের দাম আরেকদফা বাড়তে যাচ্ছে।
এভিয়েশন সূত্র জানায়, এয়ারলাইন্সগুলোর জন্য ডলার অনুপাতে টাকার বিনিময় হার বর্তমানে এক মার্কিন ডলার সমান ৬৩ টাকা। নতুন বিনিময় হারে এ দর বেড়ে দাাঁড়িয়েছে ৬৬ টাকা।
ডলারের সঙ্গে টাকার বিনিময় হার পুননির্ধারন হওয়ায় বিদেশী এয়ারলাইন্সগুলো জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে বিনিময় হার পুননির্ধারনের জন্য বলেছে। ডলারের সঙ্গে টাকার বিনিময় হার পুননির্ধারণের দায়িত্ব মূলত বিমানের। চলতি সপ্তাহেই যাতে এই সমন্বয় করা হয়, সে জন্য বিদেশী এয়ারলাইন্সগুলো ঘন ঘন তাগাদা দিতে শুরু করেছে।
সূত্র জানায়, এই বিনিময় হার পুননির্ধারনের ফলে এক হাজার ডলার মূল্যের একটি টিকিটের জন্য একজন যাত্রীকে বর্তমানের ৬৩ হাজার টাকার স্থলে তিন হাজার টাকা বাড়িয়ে ৬৬ হাজার টাকা গুনতে হবে।
সর্বশেষ গত ১ এপ্রিল বিমানসহ দেশে সক্রিয় ৩০টি এয়ারলাইন্সের প্রতিনিধিদের সংস্থা বাংলাদেশ এয়ারলাইন্স রিপ্রেজেন্টেটিভ (বার) সব ক’টি এয়ারলাইন্সে ডলার প্রতি আড়াই টাকা করে বাড়িয়ে টিকিটের দাম সমন্বয় করে। এরআগে টিকিট কেনাবেচায় প্রতি ডলারের দাম ধরা হতো ৫৯ টাকা। বার’র ওই সিদ্ধান্ত ১ এপ্রিল থেকে কার্যকর করার পর প্রতি ডলারের দাম দাঁড়ায় ৬১ টাকা ৫০ পয়সা।
