ব্রাহ্মণবাড়িয়ায় এক পরিবারের তিনজন খুন
ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডায় বুধবার রাতে একই পরিবারের অন্তঃসত্ত্বা স্ত্রী, স্বামী ও শিশুকন্যাকে হত্যা করা হয়েছে।
নিহতরা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিশিষ্ট ঠিকাদার আক্তার হোসেন (৩৮), তার আটমাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সাবরিনা আক্তার জলি (২০) ও দুই বছরের শিশুকন্যা অর্ণা।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গভীর রাতে দুর্বৃত্তরা শহরের পশ্চিম মেড্ডার এমএ ভবনে আক্তার হোসেনের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে আক্তার হোসেন এবং তার স্ত্রী ও শিশুকন্যাকে হত্যা করে।
হত্যাকাণ্ডটি পরিকল্পিত বলে পুলিশ ধারণা করছে। লাশ তিনটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
