২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গৃহবধূ খুন, ঘাতক স্বামী গ্রেপ্তার

সাভারে এক অষ্টাদশী নববধূ যৌতুকের বলী হয়ে স্বামীর হাতে প্রাণ হারিয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উপজেলার জামগড়া এলাকায় বুধবার দুপুরে। পুলিশ ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2005, 10:15 AM

Updated : 26 Apr 2022, 05:59 PM

নিহত গৃহবধূ আসমা বেগম (১৮) জামালপুর জেলার সরিষাবাড়ী থানার নরকান্দা গ্রামের জনৈক মরহুম আমজাদের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার চর খাজুরিয়া গ্রামের দুলাল চৌধুরীর ছেলে ফারুকের (২৪) সাথে বিয়ে হয় পিতৃহীন আসমা বেগমের। বিয়ের মাস খানেকের মধ্যে যৌতুক ও নগদ টাকার জন্য ফারুক আসমা বেগমকে চাপ দেয়। বিধবা লাইলি বেগমের পক্ষে ফারুকের দাবিকৃত ৫০ হাজার টাকা দেওয়া সম্ভব ছিল না।

মঙ্গলবার গভীর রাতে স্বামী ফারুক আসমার ওপর অকথ্য নির্যাতন চালায়। কয়েক দফায় মাথায় আঘাত করলে আসমা জ্ঞান হারিয়ে ফেলে। তাকে অচেতন অবস্থায় ফেলে ফারুক পালিয়ে যায়।

ভোর রাত থেকেই আসমাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তার অবস্থার কোনও উন্নতি হয়নি। অবশেষে বুধবার দুপুরে আসমা মৃত্যুকোলে ঢলে পড়ে। সংবাদ পেয়ে সাভার থানা পুলিশ বুধবার সন্ধ্যায় ঘাতক স্বামীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। লাইলি বেগম বাদি হয়ে সাভার থানায় হত্যামামলা দায়ের করেছেন।