২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারিভাবে প্রচুর অর্থ ব্যয় হলেও অব্যবস্থাপনার কারণে মানুষ স্বাস্থ্য সেবা পাচ্ছে না : ড. ইউনুস

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনুস বলেছেন, বাংলাদেশের স্বাস্থ্য সেবা ব্যবস্থা মূলত: ঢাকা শহর কেন্দ্রিক। এ খাতে সরকারিভাবে প্রচুর অর্থ ব্যয় করা হলেও সাধারণ মানুষ স্বাস্থ্য সেবা পাচ্ছে না। প্রশাসনিক অব্যবস্থাপনাই এর মূল কারণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2005, 02:02 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

বুধবার ঢাকার বিয়াম মিলনায়তনে ‘এ টু জেড মেডিকেল ডিরেক্টরি’ নামে একটি চিকিৎসা নির্দেশিকার প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সুশীল সমাজ ও চিকিৎসকদের প্রতিনিধিত্বকারি সংগঠন ‘হেলথ ২১’ ও বেসরকারি গবেষণা সংস্থা ‘ডি নেট’ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। সংস্থা দুটির উদ্যোগে বাংলা ও ইংরেজি ভাষায় চিকিৎসা নির্দেশিকাটির প্রথম খন্ড প্রকাশিত হয়।

অধ্যাপক ইউনুস দেশীয় স্বাস্থ্য সেবার মানের সমালোচনা করে বলেন, বাংলাদেশে স্বাস্থ্য সেবার মান ভাল না হওয়ায় আমাদের দেশের মানুষের চিকিৎসার দায়িত্ব নিয়েছে প্রতিবেশী ভারত, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের মতো দেশ। অথচ এ খাতে প্রতি বছর বাজেটে অনেক টাকা ব্যয় করা হচ্ছে। অর্থের অভাবে নয়, অব্যবস্থাপনার জন্যই হাজার হাজার মানুষকে চিকিৎসা সেবার জন্য বিদেশে যেতে হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা মূলত: ঢাকা কেন্দ্রিক। গ্রামাঞ্চলে কোনো ভাল চিকিৎসক থাকতে চায় না। তারা একটি ভাল বা সরকারি চাকরি পেলেই গ্রাম ছেড়ে শহরে চলে আসে। আর গ্রামে ফিরতে চায় না। ফলে একটি বড় জনগোষ্ঠী চিকিৎসা সেবার বাইরে রয়ে গেছে। এ অবস্থার পরিবর্তন ঘটাতে সকলকে এগিয়ে আসতে হবে।

তিনি বেসরকারি খাতে স্থাপিত চিকিৎসা কেন্দ্র ও ক্লিনিকগুলোকে মুনাফার মানসিকতা ত্যাগ করে সেবার মানসিকতা নিয়ে ব্যবসা করার আহ্বান জানান।

হেলথ ২১’র কো চেয়ারপার্সন এবং ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং নারী উদ্যোক্তা রোকিয়া আফজাল রহমান। সংগঠনের চেয়ারপার্সন শাহজাহান এন সামাদ চৌধুরী স্বাগত: বক্তব্য রাখেন।

মাহফুজ আনাম বলেন, চিকিৎসা সেবার মানের কারণে আমাদের দেশ থেকে প্রতি বছর প্রায় ৪০০ থেকে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিদেশে চলে যাচ্ছে। মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা গেলে এ অর্থ দেশেই রাখা সম্ভব।

তিনি বলেন, প্রতি বছর জাতীয় বাজেটে প্রচুর অর্থের বরাদ্দ থাকার পরও চিকিৎসা সেবার কোনো উন্নয়ন হয়নি। হয়েছে শুধু অবকাঠামোগত উন্নয়ন। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আমাদের চিকিৎসা সেবারও উন্নয়ন করতে হবে।

প্রকাশিত নির্দেশিকায় ঢাকা শহরের মান সম্মত স্বাস্থ্য সেবায় নিয়োজিত ১৯৬টি হাসপাতাল ও ক্লিনিক এবং অষুধের দোকান সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। এছাড়াও অ্যাম্বুলেন্স, ব্লাড ব্যাংকসহ স্বাস্থ্য সেবা সম্পর্কিত তথ্যও এতে রাখা হয়েছে।

প্রকাশনা প্রতিষ্ঠান ডি নেটের নির্বাহী পরিচালক ড. অনন্য রায়হান জানান, এতে ঢাকার হাসপাতাল ও ক্লিনিকসমূহের ঠিকানা, ফোন নম্বর ও স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্যাবলী রয়েছে। যে কোনো স্বাস্থ্য সেবা প্রত্যাশী ব্যক্তি এ নির্দেশিকা ব্যবহার করে কোন হাসপাতাল বা ক্লিনিকে যাবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে।