নীলফামারীর কিশোরগঞ্জে যৌতুকের দাবিতে দুই গৃহবধূকে পিটিয়ে হত্যা
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ও রণচন্ডি ইউনিয়নে সোমবার রাতে যৌতুকের দাবিতে দুই গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত গৃহবধূদ্বয়ের একজন সাত মাসের অন্তস্বত্ত্বা ছিলেন।
পুলিশ লাশ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানায় পৃথক পৃথক মামলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাগুড়া ইউনিয়নের জহুরুল ইসলাম তার স্ত্রী এক সন্তানের জননী পেয়ারি বেগমকে (২৫) দাবিকৃত যৌতুকের অবশিষ্ট ১০ হাজার টাকা আনতে বাপের বাড়িতে পাঠালে সোমবার সে খালি হাতে ফিরে আসে। ওই রাতে তাকে পিটিয়ে হত্যা করে জহুরুল পালিয়ে যায়। নিহতের পিতা এ ব্যাপারে থানায় অভিযোগ করলে পুলিশ মঙ্গলবার সকালে স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে।
অপর ঘটনাটি ঘটেছে রণচন্ডি ইউনিয়নের দক্ষিণ সোনাখলি গ্রামে। এই গ্রামের হামিদুল ইসলাম তার সাত মাসের অন্ত:স্বত্ত্বা স্ত্রী জেলেদা খাতুনকে (২৪) যৌতুকের দাবিতে পিটিয়ে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে ঘরের ভেতর ঝুলিয়ে রাখে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
