২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত অবমাননার অভিযোগে গাজীপুরে ডিসিসহ চার কর্মকর্তাকে আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ

গাজীপুরের জেলা প্রশাসকসহ চারজন কর্মকর্তাকে সশরীরে আদালতে হাজির হয়ে কারণ দশার্নোর নির্দেশ দিয়েছেন গাজীপুর সিনিয়র সহকারি জজ আদালত। একটি আদালত অবমাননা মামলার শুনানি শেষে সোমবার বিচারক সাইফুজ্জামান হিরো এ নির্দেশ দেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2005, 08:44 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

দেওয়ানি কার্যবিধি ১৫১ ধারা অনুযায়ী আদালতের অন্তর্নিহিত ক্ষমতাবলে জেলা প্রশাসকসহ চারজন কর্মকর্তার আদালত অবমাননা মামলাটি প্রত্যাহারের প্রার্থনাও আদালত নাকচ করে দেয়। এছাড়া জেলা প্রশাসকসহ চারজন কর্মকর্তার ‘আদালতের আদেশ-নির্দেশের প্রতি নির্বিকার ধারণা পোষণের’ তীব্র সমালোচনা করেন।

জেলার সদর থানার কাশিমপুর ইউনিয়নের জনৈক নায়েব আলী মুন্সী ৩০ জুন জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সদর এসি (ল্যান্ড) ও ভূমি সহকারিকে আসামি করে আদালত অবমাননার মামলাটি দায়ের করেন। ২৪ জুলাই বাদি মামলাটি প্রত্যাহার করতে আদালতে আবেদন জানান। কিন্তু ‘আদালত অবমাননার অভিযোগ সাধারণ কোনো দেওয়ানি মোকাদ্দমা নয় বিধায় প্রত্যাহারের সুযোগ নেই’ বলে মন্তব্য করে আদালত আবেদন নাকচ করে দেন।

খোঁজ নিয়ে জানা গেছে, কাশিমপুর ইউনিয়নের গোবিন্দবাড়ি মৌজার ৩ একর ৬৭ শতাংশ জমির মালিকানা নিয়ে সরকার পক্ষের সঙ্গে নায়েব আলীর দ্বন্দ্বের জের ধরে এ মামলাটির উদ্ভব হয়েছে।

৯ জুন নায়েব আলীর নির্মিত স্থাপনা জেলা প্রশাসন ভেঙ্গে দিলে তিনি আদালতের আশ্রয় নেন। আদালত ৩০ জুনের মধ্যে স্থাপনা পূর্বের অবস্থায় ফেরত দেওয়ার জন্যে ওই চার কর্মকর্তাকে নির্দেশ দেন। কিন্তু নির্দেশটি বাস্তবায়িত না হওয়ায় নায়েব আলী আদালত অবমাননার মামলা দায়ের করেন।

অভিযোগ পাওয়া যায়, অবস্থা খারাপ টের পেয়ে ওই চার কর্মকর্তা বাদিকে চাপ দিয়ে মামলা প্রত্যাহারের আবেদন করায়। কিন্তু আদালত তা আমলে নেননি।

আদালত অবমাননার অভিযোগটি একতরফা সূত্রে কেন সুপ্রীমকোর্টের হাইকোর্ট ডিভিশনে প্রেরণ করা হবে না, তার কারণ আগামী ১২ সেপ্টেম্বর বিবাদিগণকে আদালতে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে দর্শাতে নির্দেশ দিয়েছেন আদালত।