এফবিসিসিআই’র সাবেক ভাইস প্রেসিডেন্টের বাসায় পুলিশী তল্লাশী
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর একজন সাবেক ভাইস প্রেসিডেন্টের বাসায় পুলিশ সোমবার তল্লাশীর নামে মালপত্র তছনছ করে এবং পরিবার পরিজনের সাথে দুর্ব্যবহার করে বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে অভিযোগ অস্বীকার করে পুলিশ বলেছে, নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত এফবিসিসিআই’র সাবেক ওই ভাইস প্রেসিডেন্টকে গ্রেফতার করতে এ অভিযান চালানো হয়েছিলো।
অন্যদিকে এফবিসিসিআই’র সাবেক ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম অভিযোগ করেছেন, পুলিশ তার বনানীর কে-ব্লকের ২৪ নং সড়কের ১৮ নম্বর বাড়িতে জোরপূর্বক ঢুকে পড়ে এবং আসবাবপত্রসহ মূল্যবান সামগ্রী তছনছ করে। এসময় তারা পরিবারের সদস্যদের সাথে চরম খারাপ ব্যবহার করে।
সূত্র জানায পুলিশ শফিকুল ও তার ছেলে মনিউল ইসলাম সোহেলকে গ্রেফতারের জন্য এ অভিযান চালায়। সোহেলের স্ত্রী শান্তার দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলার আসামী তারা দুজন।
দুই শিশু সন্তানের মা শান্তা তার স্বামী ও শ্বশুড়ের বিরুদ্ধে যৌতুকের কারণে নির্যাতন চালানোর অভিযোগ এনে এ মামলাটি দায়ের করে।
পুলিশ ইন্সপেক্টর বোরহানের কন্যা শান্তাকে সোহেল গত ২৮ জুলাই ডিভোর্স করে বলে সূত্র জানায়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নূর-ই-আলম বলেন, পুলিশ কাউকেই অত্যাচার করেনি, বরং পরিবারের লোকেরা অভিযুক্তদের পালিয়ে যেতে সহযোগিতা করেছে।
