২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ের শুধু স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা হতে হবে: বিডিনিউজ’র সাথে সাক্ষাতকারে সন্তু লারমা

পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা পাহাড়ের শুধু স্থায়ী বাসিন্দাদের নিয়ে নতুন ভোটার তালিকা করার দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2005, 07:28 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা হতে হবে। অন্যথায় সেখানকার জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না।

বিডিনিউজকে দেওয়া এক একান্ত সাক্ষাতকারে সাবেক গেরিলা নেতা সন্তু লারমা একথা বলেন। তিনি বলেন, পাহাড়ের স্থায়ী বাসিন্দাদের নিয়ে একটি ভোটার তালিকাতেই সেখানে সবধরনের স্থানীয় ও জাতীয় নির্বাচন হতে হবে।

তিনি আরো বলেন, পার্বত্য শান্তিচুক্তি এবং এ সংক্রান্ত আইনেই একথা রয়েছে। কাজেই আমরা নির্বাচন কমিশনের কাছে বাড়তি বা অযৌক্তিক কোনো দাবি করছি না। এছাড়া সংবিধানেও বলা হয়েছে একটি মাত্র ভোটার তালিকার কথা।

১৯৯৭ সালের শান্তিচুক্তি ও এ সংক্রান্ত আইনে পাহাড়ের ভোটারদের জন্যে তিনটি শর্ত আরোপ করা হয়েছে। এগুলো হচ্ছে, তাদের পার্বত্যাঞ্চলের স্থায়ী বাসিন্দা হতে হবে, পাহাড়ে নিজস্ব জমির মালিকানা থাকতে হবে এবং সেখানে নিজস্ব ঠিকানা থাকতে হবে।

অন্যদিকে, নির্বাচন কমিশন বরাবরই বলে আসছে, সংবিধানে যেহেতু শুধু বাংলাদেশের নাগরিক হলেই ভোটার হওয়া যাবে বলা হয়েছে, সেহেতু পার্বত্যাঞ্চলেও জাতীয় নির্বাচনে অংশ নিতে ভোটারদের এই একটি শর্ত থাকাই যথেষ্ট। কমিশনের ব্যাখ্যা অনুযায়ী, শুধুমাত্র পার্বত্য আঞ্চলিক পরিষদ ও পার্বত্য জেলা পরিষদ নির্বাচনই হবে স্থায়ী বাসিন্দাদের নিয়ে করা ভোটার তালিকায়। অন্য সবধরনের নির্বাচন হবে আরেকটি সাধারণ ভোটার তালিকায়।

এ বিষয়ে সন্তু লারমা বলেন, নির্বাচন কমিশনের ওই বক্তব্য বরাবরই আমরা প্রত্যাখ্যান করে আসছি। আমাদের দাবির কোনো অন্যথা হলে পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা পাহাড়ি ও বাঙালিরা কোনো নির্বাচনই মেনে নেবে না। এর দায় দায়িত্ব বহন করতে হবে নির্বাচন কমিশনকেই।

তিনি জানান, তাদের ওই দাবি আনুষ্ঠানিকভাবে আবারো নির্বাচন কমিশনের কাছে উত্থাপন করা হবে।

এক প্রশ্নের জবাবে আদিবাসী ফোরাম সভাপতি সন্তু লারমা বলেন, আগামী নির্বাচনে পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশের আদিবাসীরা অসাম্প্রদায়িক ও গণমুখী সরকার গঠনে সক্রিয় ভূমিকা রাখবে।

তিনি বলেন, জনসংহতি সমিতি ও আদিবাসী ফোরামতো বটেই, আদিবাসীদের বিভিন্ন সংগঠন আগামী নির্বাচনে দুঃশাসন ও সন্ত্রাসের বিপক্ষে জোরালো ভূমিকা রাখবে। আদিবাসীদের ভূমি ও সাংস্কৃতিক অধিকার টিকিয়ে রাখতেই এটি করা প্রয়োজন।