২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের উপকূল অঞ্চলে মনুষ্য বসতির ব্যাপক পরিবর্তনের আশংকা

পরিবেশগত পরিবর্তনের কারণে ২০৫০ সাল নাগাদ উপকূলীয় অঞ্চলে সমুদ্র স্তর এক মিটার বেড়ে যাবে বলে আশংকা করা হচ্ছে। এর ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে মনুষ্য বসতির ব্যাপক পরিবর্তন ঘটতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2005, 09:18 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

শিল্পোন্নত দেশের কারণে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ায় সমুদ্র স্তরের উচ্চতা বেড়ে যাবে। পুরো বিশ্ব, বিশেষ করে বাংলাদেশসহ সকল নিুভূমির দেশকে এর কুফল ভোগ করতে হবে।

শনিবার পরিবেশ ও বন মন্ত্রী তরিকুল ইসলামের সঙ্গে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) এর পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলের সাক্ষাতকালে মন্ত্রী একথা বলেন।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডিএফআইডি’র বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার গর্ডন কনওয়ে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হচ্ছেন, ডিএফআইডি’র বাংলাদেশ প্রধান ডেভিড উড, ডিএফআইডি-যুক্তরাজ্যের গবেষণা ব্যবস্থাপক হায়াতুন সিলিম, রেবেকা পানখারস্ট ও ডিএফআইডি বাংলাদেশ শাখার জীবন প্রণালী ও পরিবেশ উপদেষ্টা ইয়োল্যান্ডি রাইট।

বৈঠকে জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশে এর প্রভাবসহ পরিবেশগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বিশ্বের জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সমস্যা মোকাবেলায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, কোনও দেশই এককভাবে এ সমস্যা মোকাবেলা করতে পারবে না।

তরিকুল ইসলাম ডিএফআইডি প্রতিনিধিদের কাছে বন্যা ও খরাসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।  

তিনি বলেন, বাংলাদেশের জনগণ তাদের অতীত অভিজ্ঞতা ও জ্ঞানের ভিত্তিতে বন্যা মোকাবেলা করে থাকে।

মন্ত্রী ভারতের দেয়া ফারাক্কা বাঁধের ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলসহ দেশের অন্যান্য অঞ্চল মরুভূমিতে পরণত হওয়া এবং কৃষি ও পরিবেশের ওপর এর বিরূপ প্রভাবের বিষয় তুলে ধরেন।  

উপকূল ও কেন্দ্রীয় অঞ্চলে সরকার পরিচালিত বনায়ন কর্মসূচি সম্পর্কেও বৈঠকে আলোচনা হয়।

ডিএফআইডি প্রতিনিধিদল বাংলাদেশের সামাজিক বনায়ন কর্মসূচির সফলতার ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন। 

প্রতিনিধিদল সারাদেশে পরিবেশ দূষণকারী পলিথিন এবং রাজধানীতে টু স্ট্রোক বেবিটেক্সি নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপণ করেন।

এসময় পরিবেশ ও বন প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, সচিব জাফর আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।