ফেনসিডিল বহন করা অপরাধ নয় মর্মে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রীমকোর্টে সরকারের লিভ টু আপিল মঞ্জুর
ফেনসিডিল বহন বা রাখা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাস্তিযোগ্য অপরাধ নয়- এ মর্মে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়েরকৃত লিভ টু আপিল শনিবার সুপ্রিম কোর্ট মঞ্জুর করেছে। সরকারের দায়েরকৃত একটি আবেদনের
শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন, বিচারপতি এমএম রুহুল আমিন এবং বিচারপতি তোফাজ্জল ইসলাম এর সমন্বয়ে গঠিত আপিলেট বিভাগের একটি পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের আদেশ স্থগিত রাখার নির্দেশ দেন। হাইকোর্ট ফেনসিডিল রাখার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বাদল কুমার পালকে নির্দোষ ঘোষণা করেছিল।
হাইকোর্ট ২০০৩ সালের ১২ মার্চ মাদক নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর আওতায় দায়েরকৃত মামলায় ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বানুরিয়া বালাডাঙ্গা গ্রামের বাদল কুমার পালকে নির্দোষ ঘোষণা করেন।
পরে সরকার হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করে।
সরকারের পক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুর রাজ্জাক খান। তাকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুর রউফ মিয়া এবং অ্যাসিসটেন্ট অ্যাটর্নি জেনারেল ইকবাল কবির।
আদালতে বিশেষজ্ঞ হিসেবে গণস্বাস্থ্য কেন্দ্রের ড. জাফরুল্লাহ চৌধুরী এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের সাইদুর রহমান উপস্থিত ছিলেন।
