২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেক প্রতারণা মামলায় বিদিশার জামিন লাভ

বিদিশার বিরুদ্ধে এরশাদের মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা গোলাম রেজার দায়ের করা চেক প্রতারণা মামলায় হাইকোর্ট শনিবার বিদিশাকে অন্তর্বতীকালীন জামিন মঞ্জুর করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2005, 06:50 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

বিদিশা শনিবার সশরীরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

পিটিশনের শুনানি শেষে বিচারপতি এমএ রশিদ ও বিচারপতি ফজলুর রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এ জামিন আদেশ দেন। আদালত একই সাথে বিদিশাকে এই মামলায় কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তার কারণ দর্শানোর জন্য সরকারের প্রতি একটি রুলনিশি জারি করেন।

দুই সপ্তাহের মধ্যে সরকারকে এর জবাব দিতে বলা হয়েছে। এছাড়া রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিদিশার জামিন আদেশ বহাল থাকবে।

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের দিলকুশা শাখায় বিদিশার দেওয়া ২ কোটি ১৩ লাখ টাকার চেক ডিজঅনার হওয়ার পর জাতীয় পার্টির (এরশাদ) ভাইস চেয়ারম্যান এবং দলের চেয়ারম্যান এইচএম এরশাদের মালিকানাধীন একটি কোল্ড স্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রেজা গত ৩ আগস্ট বিদিশার বিরুদ্ধে একটি চেক প্রতারণা মামলা দায়ের করেন।

মামলার দায়েরের পর ঢাকার মুখ্য মহানগর হাকিম বিদিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলায় গোলাম রেজা অভিযোগ করেন যে, তিনি কোল্ড স্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে বিদিশা তার কাছ থেকে  ২০০২, ২০০৩ এবং ২০০৪ সালের বিভিন্ন সময়ে পে-অর্ডার ও নগদ অর্থ মিলিয়ে মোট ২ কোটি ১৩ লাখ টাকা ধার নেন।

তিনি অভিযোগ করেন, ধার নেয়া অর্থ ফেরত দিতে বিদিশা এ বছর ২১ মার্চ একটি চেক (নম্বর-এফএসবি-০১৭৮৭১৭) প্রদান করেন। কিন্তু ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের দিলকুশা শাখায় বিদিশার অ্যাকাউন্টে (নম্বর ২২০১২৪৪০) পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়।

ডিজঅনার মামলাটিসহ বিদিশার বিরুদ্ধে দায়ের করা পাঁচটি মামলায়ই তিনি এখন জামিনে রয়েছেন।

তবে এ চেকগুলো যাতে গোলাম রেজা বা এরশাদ তার বিরুদ্ধে ব্যবহার করতে না পারেন, বিদিশা সেজন্য গত জুলাই মাসে নিজে বাদী হয়ে ঢাকার যুগ্ম জেলা জজ আদালতে একটি মামলা করেন। ওই আবেদনের ভিত্তিতে আদালত এরশাদ ও গোলাম রেজার প্রতি একটি কারণ দর্শানো নোটিশ জারি করেন।

বিদিশার পক্ষে আদালতে জামিন আবেদন করেন ড. কামাল হোসেন ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম। তাদের সহায়তা করেন অ্যাডভোকেট কামরুজ্জামান মাহবুব, ব্যারিস্টার সারা হোসেন এবং ব্যারিস্টার তানজিবুল আলম। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম ওয়ালিউর রহমান বিদিশার জামিন আবেদনের বিরোধিতা করেন।