২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বভূমি লেখক শিল্পী কেন্দ্রের আত্মপ্রকাশ

দেশের সৃষ্টিশীল প্রজন্মকে শাণিত মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ও মুক্তিযুদ্ধের চেতনায় মাটি ও মানুষের সাহিত্য - সংস্কৃতির ধারাকে সংরক্ষনের অঙ্গিকার নিয়ে “স্বভূমি” লেখক শিল্পী কেন্দ্র আত্মপ্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2005, 05:37 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

শুক্রবার স্বভূমির সদস্যদের উপস্থিতিতে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সংগঠনের নাম ঘোষনা প্রাক্কালে কবি আসাদ চৌধুরী বলেন, ঘুণে ধরা সময়ের হানাহানি সংঘাতের ভেতর হতে তরুণ প্রজন্মের সু - কোমল বৃত্তিগুলো রক্ষা করে তাদের বিকাশের সুযোগ সৃষ্টি করার জন্যেই দেশপ্রেমকে বুকে করে স্বভূমির যাত্রা শুরু হলো।

স্বভূমির অন্যতম উপদেষ্টা শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, স্বভূমিকে নিজের বিকাশের পাশাপাশি দেশের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গণে কাজ করা অন্য স্রোতগুলোকে নিয়ে একটি মহাস্রোত তৈরী করতে হবে। তা হলেই আমাদের জাতীয় জীবনে সার্বিক অবক্ষয় রোধ করে উত্তরণ পথে স্বভূমি ভুমিকা রাখতে সক্ষম হবে।

সভায় স্বভূমির পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং কবি আসাদ চৌধুরীকে আহ্বায়ক, শিল্পী বুলবুল মহলানবীশকে যুগ্ম আহ্বায়ক এবং কবি - গল্পকার মুজতবা আহমেদ মুরশেদকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী তিন মাসের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন ও একটি পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠনের লক্ষ্যে নির্বাচন পরিচালনা করবে।

উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন সাংবাদিক কামাল লোহানী, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, আসাদুজ্জামান নূর এমপি, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এবং কাটুর্নিস্ট শিশির ভট্টাচার্য।

আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন শিল্পী ফাহমিদা নবী, সাংবাদিক মোল্লাহ আমজাদ হোসেন, মনজুর কাদের, শিল্পী ধীলন কুমার, নৃত্যশিল্পী ডাঃ নবনিতা বাসু, শিল্পী আরিফ রহমান, শিল্পী শামিমা রহমান মুন্নি, অমিত কুমার দে, জহুরুল ইসলাম জুয়েল, প্রকাশ বণিক, মোহাম্মদ ফজলে এলাহী সবুজ এবং অনিরুদ্ধ ভদ্র।