রাজধানীতে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তার মৃতদেহ উদ্ধার
রাজধানীর সূত্রাপুর থানা পুলিশ শনিবার সকালে একটি বেসরকারি প্রতিষ্ঠানের একজন কর্মকর্তার মৃতদেহ উদ্ধার করেছে।
জানা যায়, নিহত জহিরুল ইসলাম সোহেল (৩৫) ভোলার চরফ্যাশন থানার ডা. আসমত আলীর ছেলে এবং এক সন্তানের জনক। সোহেল সূত্রাপুর থানার রজনী চৌধুরী সড়কের ২৯/খ নং বাড়িতে বসবাস করতেন।
তিনি মতিঝিল এলাকার রাশেদ এন্টারপ্রাইজ নামে একটি বায়িং হাউজের কাস্টম্স বিভাগের প্রধান ছিলেন।
নিহতের বড় ভাই দেওয়ান মেহাম্মদ বিডিনিউজকে জানান, সোহেল শুক্রবার সকালে ধূপখোলা কাঁচাবাজারে যাওয়ার পর আর ফিরে আসেনি। শনিবার সকালে তার মৃহদেহ সূত্রাপুর থানার ডিস্টিলারি সড়কে পাওয়া যায়।
দেওয়ান মোহাম্মদ বলেন, আমাদের সাথে কারও কোন ঝগড়া ছিল না । এ ঘটনার পেছনে সম্ভবত কোনও সন্ত্রাসী চক্র জড়িত রয়েছে।
সূত্রাপুর পুলিশ জানায়, সোহেল শুক্রবার রাতে খুন হয়ে থাকতে পারেন। এ ব্যাপারে থানায় এখনও কোনও মামলা হয়নি এবং পুলিশ কাউকে গ্রেফতার করেনি।
