কুমিল্লায় বন্ধুদের হাতে যুবক খুন
কুমিল্লার শাসনগাছায় শুক্রবার রাতে দুস্কৃতকারীরা বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে খুন করে। নিহত যুবকের নাম সাঈদ (২০) বলে জানা গেছে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, শহরে রাত ১০টার দিকে লোডশেডিং চলাকালে সাঈদের কয়েকজন বন্ধু ইস্টার্ন ইয়াকুব প্লাজায় চটপটি খাওয়ায় কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
এলাকাবাসী জানায়, এর কিছুক্ষণ পরে শহরে বিদ্যুত চলে আসলে ইস্টার্ন ইয়াকুব প্লাজার কাছে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, খুনিদের গ্রেফতার করতে পুলিশ রেইস কোর্স এলাকায় ব্যাপক তল্লাশি চালাচ্ছে। তবে রাত ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কোনও মামলা দায়ের করা হয়নি।
