২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্ত সন্ত্রাস: বিএসএফ ও ভারতীয়দের হাতে পাঁচ বছরে নিহত ৪০৬ জন বাংলাদেশী

গত সাড়ে পাঁচ বছরে সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) এবং ভারতীয় নাগরিকদের হাতে কমপক্ষে ৪০৬ জন নিহত এবং ৪৮৪ জন আহত হয়েছে। ২০০১ সালের জানুয়ারী থেকে ২০০৫ সালের ৩১ জুলাই পর্যন্ত চালিত এক সমীক্ষায় এ তথ্য জানা যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2005, 08:55 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

অন্যদিকে, ভারতীয় সীমান্ত রক্ষী ও নাগরিকদের হাতে উত্তর ও দক্ষিণ-পশ্চিম সীমান্ত এলাকায় ৫০১ জন বাংলাদেশী অপহরণ, ৪৭১ জন গ্রেফতার এবং আট জন নারী ধর্ষণের শিকার হয়েছে। এ ছাড়া এখনও নিখোঁজ রয়েছে ৪৩জন বাংলাদেশী।

মানবাধিকার সংগঠন অধিকার পরিচালিত এক সমীক্ষা প্রতিবেদন সূত্রে জানা যায়, ভুক্তভোগীদের মধ্যে অধিকাংশই কৃষিজীবি, নারী ও শিশু ।

সমীক্ষার ফলাফলে দেখা যায়, বিএসএফ হয় বাংলাদেশী সীমানায় কর্মরত কৃষকদের গুলি করে হত্যা  করেছে নয় তো বাংলাদেশী সীমানা থেকে জোর করে ধরে নিয়ে গিয়েছে এবং বেশ কয়েকটি ক্ষেত্রে পরে ভারতীয় সীমান্তে তাদের হত্যা করা হয়েছে।

এ সমস্ত কর্মকান্ডকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে অধিকার জানায়, বিডিআর এবং বিএসএফ এর মধ্যে এই বিষয়ে প্রায়শঃ পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এ পর্যন্ত কোন ধরনের অগ্রগতি হয়নি। 

প্রতিবেদন অনুসারে, ৪০৬ জনের মৃত্যুর ঘটনায় বিএসএফ এর হাতে মৃত্যু হয়েছে ৩২৮ জনের এবং বাকিদের মৃত্যু হয়েছে   কোনও না কোনও ভাবে ভারতীয় নাগরিকদের হাতে।

পুশ ইনের নামে নিজ দেশের বাংলা ভাষাভাষীদের জোর করে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটানো বিএসএফ এর দ্বারা মানবাধিকার লংঘনের সবচেয়ে জঘন্য দৃষ্টান্ত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অধিকারের গবেষণায় জানান হয়, ২০০৫ সালের প্রথম সাত মাসে বিএসএফ ও ভারতীয়দের হাতে ৪৯ জন বাংলদেশী নিহত হয়েছে। এছাড়াও ৩১ জন আহত, চার জন গ্রেফতার ও ৩৯ জন অপহৃত হয়েছে এবং এখনো নিখোঁজ রয়েছে ছয়জন।

এই সময়ের মধ্যে তিনজন বাংলাদেশী নারী বিএসএফ ও ভারতীয়দের হাতে ধর্ষিত হয়েছে বলেও অধিকার তার সমীক্ষা প্রতিবেদনে উল্লেখ করে।