২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে শনিবার নির্বাচন কমিশনের বৈঠক

নতুন ভোটার তালিকা তৈরি করা হবে নাকি আগের তালিকা সংশোধন করা হবে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশন শনিবার বৈঠকে বসতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2005, 08:35 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

কমিশনের এক কর্মকর্তা  শুক্রবার বিডিনিউজকে একথা জানান।

তিনি বলেন, অতীত অভিজ্ঞতার ভিত্তিতে বলা যায় যে নতুন ভোটার তালিকা তৈরি বা বর্তমান তালিকা সংশোধনের যেকোনও সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ছয় সাত মাসের বেশি সময় লাগবে না।

তিনি বলেন, ১৯৭৩ ও ’৭৬ সালে নতুন ভোটার তালিকা তৈরির জন্য সময় লেগেছিল মাত্র চার মাস। এছাড়া ১৯৮৩ সালে ছয় মাস, ১৯৯০ সালে পাঁচ মাস, ১৯৯৫ সালে পাঁচ মাস ১৩ দিন এবং ২০০০ সালে ভোটার তালিকা প্রস্তুত করতে পাঁচ মাস ১৪ দিন সময় লেগেছিল।

তবে আগামী সাধারণ নির্বাচনের আগে ছবিসহ ভোটারদের পরিচয়পত্র চালু করা সম্ভব হবে না বলে ওই কর্মকর্তা জানান।

ভোটার তালিকার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মতামত জানার জন্য নির্বাচন কমিশন গত ২৬ থেকে ২৮ জুলাই পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল ছাড়া বাকি দলগুলোর সাথে আলোচনা করে।

আলোচনায় অংশ নেয়ার জন্য নির্বাচন কমিশন মোট ১১৭টি দলকে আমন্ত্রণ জানিয়েছিল। এর মধ্যে ৫৩টি দল আলোচনায় অংশ নেয়।  আলোচনায় অংশ নেয়া দলগুলোর মধ্যে বিএনপি, জামায়েত ইসলামী, ইসলামী ঐক্যজোট ও বিজেপি (নাজিউর) সমন্বয়ে গঠিত চার দলীয় জোটসহ ৩৭টি দল নতুন ভোটার তালিকা তৈরির পক্ষে এবং বাকি ১৫টি দল বর্তমান তালিকা সংশোধনের পক্ষে মত দেয়।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ওই আলোচনা সভা বর্জন করে। এছাড়া গণ ফোরাম, বিকল্প ধারা বাংলাদেশ ও কৃষক-শ্রমিক জনতা লীগও ওই আলোচনায় অংশ নেয়নি।