২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ ৬৩ জন জেলের সন্ধান পাঁচ দিনে মেলেনি

ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ ৬৩ জন জেলের সন্ধান গত পাঁচ দিনে মেলেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বারিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2005, 07:51 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

নিখোঁজ জেলেদের প্রাণহানির আশঙ্কা করছেন জেলেরা। একই সাথে ১৫০ জন জেলেসহ ১০টি মাছধরা ট্রলার নিখোঁজ রয়েছে বলে বরগুনা ট্রলার মালিক সমিতি’র সভাপতি মোস্তফা চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন।

নিখোঁজ জেলেদের বাড়ি পটুয়াখালী এবং বরগুনা জেলার বিভিন্ন উপজেলায়। নিখোঁজ জেলেদের আত্মীয় স্বজনরা মহিপুর, আলীপুর এবং পাথরঘাটা মৎস্য বন্দরে প্রতিদিন সকাল থেকে রাত অবধি অপেক্ষা করতে দেখা গেছে। এ সময় নিখোঁজ আত্মীয়দের খোঁজে আসা স্বজনদের কান্নায় পুরো মৎস্য বন্দরের পরিবেশ ভারি হয়ে উঠেছে । এ পর্যন্ত কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ি এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।

এদিকে কলাপাড়া প্রতিনিধি জানান, চরগঙ্গামতির চর থেকে উদ্ধারকৃত লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উদ্ধারকৃত অর্ধগলিত লাশটির পরিচয় সনাক্ত করতে না পেরে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।