চিলাহাটি সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক নিহত
নীলফামারীর চিলাহাটি ডাঙ্গাপাড়া সীমান্তে বুধবার সন্ধায় বিএসএফ গুলি করে এক বাংলাদেশী যুবককে হত্যা করে তার লাশ নিয়ে গেছে। নিহত যুবকের নাম ইদ্রিস আলী (২৫)। সে চিলাহাটি ডাঙ্গাপাড়া আদর্শগ্রামের বাসিন্দা জোবেদ আলীর পুত্র বলে জানা গেছে।
এ ঘটনায় ডাঙ্গাপাড়া সীমান্তের গ্রামগুলোতে চরম আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পর বিডিআর’র ২৬ ব্যাটেলিয়নের সদস্যরা সেখানে অবস্থান নিয়েছে।
জেলা প্রশাসক রবীন্দ্রনাথ রায় চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিডিআর নিহত যুবকের লাশ ফেরত চাইলেও রাত ১০টা পর্যন্ত তা পাওয়া যায়নি। তবে শুক্রবার সকালে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
এলাকাবাসী জানায়, সীমান্তের ৭৮৬ নম্বর পিলারের কাছে একটি পুকুরে ১৮/২০ জন যুবক মাছ ধরে বাড়ি ফেরার পথে বিএসএফ হঠাৎ গুলিবর্ষণ শুরু করে। এসময় ইদ্রিস আলী গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অন্যরা পালিয়ে রক্ষা পেলেও ঘটনাস্থলেই ইদ্রিসের মৃত্যু হয়।
