নেটওয়ার্ক সুবিধার আওতায় টেলিটক ও অন্যান্য মোবাইল গ্রাহকরা
পারস্পরিক নেটওয়ার্ক লিংক চালু হওয়ায় টেলিটক এবং অন্যান্য প্রাইভেট অপারেটরের মোবাইল গ্রাহকরা সংযোগ সুবিধা পেতে শুরু করেছে।
রাষ্ট্র নিয়ন্ত্রিত সেল ফোন কোম্পানি টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃপক্ষ বৃহস্পতিবার বিডিনিউজকে জানায়, টেকনিক্যাল সেট আপের আওতায় টেলিটক ও গ্রামীন ফোনের ২৭০ জন গ্রাহক একই সময়ে সংযোগ সুবিধা ভোগ করবে।
টেলিটক-সিটিসেল এবং টেলিটক-একটেলের ক্ষেত্রে এই সংখ্যা যথাক্রমে ২৭০ এবং ১৫০।
টেলিটকের কয়েকজন কর্মকর্তা জানান, কেবল বাংলা লিংকের সাথে সংযোগ নিশ্চিতকরণ বাকি আছে। আগামী রোববারের মধ্যে এই আন্তসংযোগ সম্পন্ন হবে বলে তারা আশা প্রকাশ করেন।
তবে কর্মকর্তারা বলেন, নেটওয়ার্ক ট্রাফিকের ভিত্তিতে সংযোগ বাড়ানো হবে।
তারা বলেন, গ্রামীন প্রি পেইড থেকে ইনকামিং কলের ক্ষেত্রে নেটওয়ার্ক ট্রাবল হচ্ছে। এ সমস্যা সনাক্ত করে শিগগিরই এর সমাধান করা হবে বলে তারা জানান।
এর আগে টেলিটক চার মোবাইল ফোন কোম্পানি-একটেল, সিটিসেল, গ্রামীন ফোন এবং বাংলালিংক এর সাথে আন্তসংযোগ চুক্তি সম্পন্ন করে।
