ব্রহ্মণবাড়িয়ায় ট্রেন থেকে কোটি টাকার বিদেশি কাপড় উদ্ধার
চোরাচালান বিরোধী টাস্কফোর্স বৃহস্পতিবার ব্রহ্মণবাড়িয়া রেলস্টেশনে একটি মেইল ট্রেন থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের বিদেশি কাপড় উদ্ধার করেছে। ঢাকাগামি চট্টগ্রাম মেইল ট্রেন থেকে উদ্ধারকৃত কাপড়ের মধ্যে রয়েছে ১১২ বান্ডিল বিভিন্ন ধরনের দামি বিদেশি কাপড় এবং ৬৬ বান্ডিল থান কাপড়।
টাস্কফোর্স সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া ১ নং ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ কামরুজ্জামনের গোপন সংবাদের ভিত্তিতে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আতাউল গনির নেতৃত্বে টাস্কফোর্স অভিযান চালায়। ট্রেনের একটি ওয়াগনে বিশাল কাপড়ের বহর দেখে সংশ্লিষ্ট গার্ডের কাছে বুকিংয়ের কাগজপত্র দেখতে চায়। গার্ড এ ব্যাপারে সন্তোষজনক কাগজপত্র দেখাতে না পারায় ম্যাজিস্ট্রেট কাপড়গুলো জব্দ করার নির্দেশ দেয়।
টাস্কফোর্স সূত্র জানায়, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম-ঢাকা রেলপথের বিভিন্ন ট্রেনে অবৈধ চোরাই পণ্য বহন করা হচ্ছে। অভিযোগ আছে, রেলের কিছু অসৎ কর্মকর্তা ও কর্মচারির সহায়তায় চলছে এ পাচার ব্যবসা।
