মৌলভীবাজার ও খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং ১ জন গুরুতর আহত
খুলনা ও মৌলভীবাজারে বৃহস্পতিবার দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে। নিহতরা হচ্ছে সুমন বনিক ও শাহজাহান।
খুলনা প্রতিনিধি জানান, জেলার ডুমুরিয়া উপজেলার মালতিয়া এলাকায় একটি দ্রুতগামি বাসের চাপায় দুই সহোদরের একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষধর্শীরা জানান, সকাল ১১ টার দিকে শাহজাহান (২৬) ও তার ভাই মোস্তফা (২৫) সাইকেলযোগে আরশনগর যাওয়ার পথে সাতক্ষীরাগামি একটি বাস (রাজশাহী- ১৭৯৭) তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শাহজাহান নিহত এবং তার মোস্তফা আহত হয়। নিহত শাহজাহান কেশবপুর উপজেলার মূলগ্রামের মানসুরের সন্তান। পুলিশ বাসটি আটক করেছে।
শ্রীমঙ্গল প্রতিনিধি জানান, ঢাকা সিলেট মহাসড়কের শ্রীমঙ্গলের ভৈরববাজার এলাকায় বাসের চাপায় একজন সাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে হবিগঞ্জগামি একটি বিরতিহীন বাস (ঢাকা চ-৩৭০৯) ভৈরববাজার অতিক্রমকালে সাইকেল আরোহী সুমন বনিককে চাপা দেয়। সুমন বনিকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায়। সে একটি ইউনানি ওষুধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিল। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে এবং এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
