অনুসন্ধানী সাংবাদিকতার জন্য টিআইবি’র পুরস্কার পেলেন দুজন
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র (টিআইবি) এ বছর অনুসন্ধানী সাংবাদিকতার জন্য দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার সেলিম জাহিদ এবং এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার শাকিল আহমেদকে পুরস্কৃত করেছে।
এ উপলক্ষে টিআইবি’র উদ্যোগে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘দুনীতি ও গনমাধ্যম’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, গণমাধ্যমই সকল মহলের দুর্নীতির বিরুদ্ধে গণশক্তিকে সংঘবদ্ধ করতে পারে। তবে দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যমের ভুমিকা আরো সংবেদনশীল ও কার্যকর হওয়া প্রয়োজন।
বৈঠকটি সঞ্চালন করেন টিআইবি ট্রাস্টি ও ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। আলোচনায় বিশিষ্ট সাংবাদিক এবিএম মুসা তার প্রবন্ধে বলেন, দুর্নীতি এখন সর্বজনবিদিত। এটি একেবারেই প্রকাশ্য, কিন্তু অপ্রতিরোধ্য।
তিনি প্রশ্ন রেখে বলেন, একজন ফাঁসির আসামীর দন্ড মওকুফকে আমরা কিভাবে দেখবো এখন সে প্রশ্ন সামনে এসেছে। এটিকে কি আমরা শুধুমাত্র দলীয়করণের রাজনীতি মনে করবো? নাকি এর নেপথ্যে কোনো দুর্নীতি খোঁজ করবো?
টিআইবি প্রধান অধ্যাপক খান সারওয়ার মুরর্শিদ বলেন, দুর্নীতির প্রভাবে আমাদের রাষ্ট্র সয়ংক্রিয়ভাবে ধ্বংস হচ্ছে।
অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, শুধু সরকারি খাতের দুর্নীতি আলোচিত হলেও বেসরকারি খাতের দুর্নীতি ও সম্পদের অপব্যবহার এখনও আলোচনার বাইরে রয়েছে। আমাদের দেশে ভয়াবহ দুর্নীতি পশ্চিমাদের বিশেষত ব্রিটিশদের হাতে প্রসারিত হয়েছে। দৈনিক সংবাদের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল সাংবাদিকতার সীমাবদ্ধতা তুলে ধরে বলেন, মোবাইল টেলিফোন কোম্পানিগুলোর বিজ্ঞাপনের কারণে গণমাধ্যমে তাদের দুর্নীতি নিয়ে কোনো প্রতিবেদন প্রকাশ করা যায় না।
অনুষ্ঠানে অনুসন্ধানী সাংবাদিকতায় বিজয়ীদের ক্রেস্ট ও ৫০ হাজার টাকা পুরস্কৃত করা হয়। দৈনিক ইনকিলাবে গতবছর সেলিম জাহিদ ‘বোতলজাত পানি: মোড়ক সর্বস্ব ব্যবসা’ এবং বেসরকারি টিভি চ্যানেল এটিএনএ বাংলায় শাকিল আহমেদ ২১ আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কিত ফলোআপ প্রতিবেদনের জন্য পুরস্কার পান।
অনুষ্ঠানে ১৯৯৯ সাল থেকে এ পর্যন্ত টিআইবি’র অনুসন্ধানী সাংবাদিকতার জন্য পুরস্কারপ্রাপ্ত ১৩টি প্রতিবেদন নিয়ে প্রকাশিত একটি গ্রন্থেরও মোড়ক উন্মোচন করা হয়।
