যশোরে কনভেনশনে আসার পথে দুর্ঘটনায় ১৪ মাদ্রাসা শিক্ষক আহত
যশোর--বেনাপোল সড়কের কৃষ্ণবাটি এলাকায় বৃহস্পতিবার এক দুর্ঘটনায় যশোরের শার্শা উপজেলার বিভিন্ন মাদ্রাসার ১৪ জন শিক্ষক আহত হয়েছেন। বর্তমানে তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে যশোরমুখী একটি বাস (যশোর-জ-১১-০০৭১) এবং বিপরীতমুখী অপর বাস (বগুড়া-ব-৬৫৩১) পরস্পরকে সাইড দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। যশোরমুখী বাসটিতে ছিলেন একটি কনভেনশনে যোগ দিতে আসা মাদ্রাসা শিক্ষকরা। সেটি একটি গাছে আঘাত করে। অপরটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
আহত শিক্ষকরা হচ্ছেন মনসুর, মহব্বত, হাবিবুর, নাসির উদ্দিন, আ. মালেক, মহিউদ্দিন, মোক্তার আলী, আসাদুজ্জামান, শফিকুল, গোলাম হোসেন, হাফিজুর, রফিকুল, মোহাম্মদ আলী, নূরুল হক। আহতদের মধ্যে হাবিবুর, হাফিজুর এবং রফিকুলের অবস্থা আশংকাজনক।
যশোর জেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের কনভেনশন অনুষ্ঠিত হয়। মাদ্রাসা শিক্ষকরা এতে অংশ নিতে যশোর আসছিলেন।
