২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ থেকে ৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুত কেন্দ্র স্থাপনের নীতিমালা চূড়ান্ত

দরপত্রের মাধ্যমে নয় বরং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামে পিডিবি, ডেসা, ডেসকো ও আরইবি’র বিদ্যুত কেনার বিধান করে বেসরকারি খাতে ১০ থেকে ৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুত কেন্দ্র স্থাপনের নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। তবে উদ্যোক্তারা বেসরকারি ক্রেতাদের কাছে কি দামে বিদ্যুত বিতরণ করবে তা বিইআরসি এবং সরকার নিয়ন্ত্রণ করবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2005, 02:31 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

এই নীতির আলোচ্য দিক হচ্ছে বিইআরসি‘র কাছ থেকে লাইসেন্স গ্রহন বাধ্যতামূলক। সরকারি প্রতিষ্ঠান বিদ্যুত কিনলে তার দাম অবশ্যই টাকায় পরিশোধ করা হবে।

উদ্যোক্তাদের জন্যে দু’ ধরনের গ্যাসের দামের বিধান রাখা হয়েছে। যারা সরকারি প্রতিষ্ঠানের কাছে বিদ্যুত বিক্রি করবে তারা পিডিবি’র রেটে গ্যাস পাবে। অর্থাৎ প্রতি হাজার ঘনফুট গ্যাসের জন্যে তাদের দিতে হবে ৭২ টাকা ৪৫ পয়সা। আর যারা কেবলমাত্র বেসরকারি খাতে বিক্রির জন্যে বিদ্যুত উৎপাদন করবে তাদের গ্যাস কিনতে হবে ক্যাপটিভ পাওয়ারের দামে অর্থাৎ প্রতি হাজার ঘনফুট ১০০ টাকায়। তবে কোনো উদ্যোক্তা যদি উভয় ধরনের গ্রাহকের জন্যে বিদ্যুত সরবরাহ করে তার জন্যে গ্যাসের দাম নির্ধারিত হবে সরবরাহ অনুপাত অনুসারে।

দীর্ঘ তিন মাস ধরে চার দফা পরিবর্তন, পরিমার্জনের পর এই নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। পরবর্তি পদক্ষেপ নেয়ার জন্যে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপনটি বিইআরসি‘র কাছে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

নীতিমালা অনুযায়ী আগ্রহী উদ্যোক্তাদের বিইআরসিতে আবেদনের সময় প্রতি মেগাওয়াট বিদ্যুত উৎপাদনের জন্যে ৫,০০০ টাকা করে জমা দিতে হবে। আর এক থেকে ৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুত কেন্দ্রের জন্যে বার্ষিক লাইসেন্স ফি পাঁচ লাখ টাকা। পুর্ণাঙ্গ আবেদন পাওয়ার পর পদ্ধতি অনুসরণ করে বিইআরসি উদ্যোক্তাকে ছয় সপ্তাহের মধ্যে লাইসেন্স ইস্যু করবে।

এই ধরনের বিদ্যুত কেন্দ্র স্থাপনের জন্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি এবং অন্যান্য ক্ষেত্রে বেসরকারি খাতে বিদ্যুত উৎপাদন নীতিমালায় দেয়া সকল সুবিধা পাওয়া যাবে। একই সাথে গ্যাস ছাড়া অন্য জ্বালানি ব্যবহার করে বিদ্যুত উৎপাদনে আগ্রহীরা এর জন্যে দেয়া প্রচলিত সুবিধা পাবে।

আওয়ামী লীগের শাসনামলে শেষভাগে বিদ্যুত ক্রয়ে সরকারি নিশ্চয়তা না দিয়ে ১০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুত কেন্দ্র স্থাপন বেসরকারি খাতের জন্যে উন্মুক্ত করে দিয়ে প্রথম ক্ষুদ্র বিদ্যুত কেন্দ্র স্থাপন নীতিমালা প্রণয়ন করা হয়। কিন্তু এতে সাড়া পাওয়া যায়নি। বিএনপি সরকার এই নীতিমালার সামান্য সংশোধন করে ২০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুত কেন্দ্র স্থাপন উন্মুক্ত করে দেয়। এতেও কোনো ফল হয়নি।

গত বছর পিডিবি ক্ষুদ্র বিদ্যুত কেন্দ্র স্থাপনের জন্যে উন্মুক্ত দরপত্র আহ্বানের বিষয় চূড়ান্ত করলেও আমলাতান্ত্রিক জটিলতায় তা আলোর মুখ দেখেনি।

অবশেষে বিদ্যুত উৎপাদন বাড়াতে নতুন করে ১০ - ৫০ মেগাওয়াট পাওয়ার জেনারেশন নীতি করার উদ্যোগ নেয়া হয়।