কনসার্ট ফর বাংলাদেশ’র ডিভিডি’র মুক্তি উপলক্ষ্যে গেল্ডফ্ - আনান
পাকিস্তানের বর্বর আক্রমণের মুখে ১৯৭১ সালে বাংলাদেশের মানুষের দুর্দশার কথা বহির্বিশ্বের কাছে তুলে ধরেন যুক্তরাষ্ট্রের বিটলস ব্যান্ডের কিংবদন্তি গায়ক জর্জ হ্যারিসন। তার সেই ‘কনসার্ট ফর বাংলাদেশ’র ডিভিডি শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে। মুক্তি উপলক্ষ্যে জাতিসংঘ মহাসচিব কফি আনান ও লাইভ এইড খ্যাত গায়ক বব গেল্ডফ্ উপস্থিত থাকবেন।
১৯৭১ সালের ২ আগস্টের নিউ ইয়র্ক শহরে জর্জ হ্যারিসন ও কিংবদন্তি সেতার বাদক রবিশঙ্কর আয়োজিত কনসার্টে গান গেয়েছিলেন এরিক ক্ল্যাপ্টন, রবিশঙ্কর, বব ডিলান ও হ্যারিসন নিজে।
বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তান) নিরীহ ও নিরস্ত্র জনগণের ওপর বর্বর সামরিক বাহিনীর নগ্ন আক্রমণ, গণহত্যা ও লাখ লাখ বাংলাদেশীদের অসহায়ত্বের কথা রবিশঙ্কর হ্যারিসনকে জানানোর পরই তিনি অনুপ্রাণিত হয়ে কনসার্ট আয়োজনে ওঠে পড়ে লাগেন।
হ্যারিসন ২০০১ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর থেকেই তার স্ত্রী অলিভিয়া কনসার্টের ডিভিডি তৈরির কাজ শুরু করেন। অলিভিয়া কার্যনির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছেন।
বিটলসের সকল পণ্য বাজারজাত করার দায়িত্ব প্রাপ্ত প্রতিষ্ঠান ইএমআই/ক্যাপিটল ‘কনসার্ট ফর বাংলাদেশ’র সিডি বের করবে। অপরদিকে কনসার্ট ফর জর্জের মূল বিনিয়োগকারী ওয়ার্নার মিইজিক গ্র“প ডিভিডি বের করবে।
ডিভিডিতে ৯৯ মিনিটের মূল চলচ্চিত্র ও ৪৫ মিনিটের প্রামাণ্যচিত্র ও অপ্রকাশিত ভিডিও ফুটেজ থাকবে। এতে ডিলান-হ্যারিসনের ‘ইফ নট ফর ইউ’, হ্যারিসন, ক্ল্যাপ্টন ও রাসেলের গাওয়া ‘কাম অন ইন মাই কিচেন’, ডিলানের ‘লাভ মাইনাস জিরো/নট লিমিট’ গানগুলো রয়েছে।
আগামী অক্টোবরের ৫ তারিখে ডিভিডিটি মুক্তি পাচ্ছে।
