২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটের দাম কমে যাওয়ায় রাজশাহীর পাটচাষীরা হতাশায় নিমজ্জিত

রাজশাহী অঞ্চলের পাটচাষীরা উৎপাদন খরচ ওঠাতে এ বছরও হিমশিম খাচ্ছেন। পাট ওঠার ভরা মৌসুমে সরকার কর্তৃক পাটের মূল্য কমিয়ে দেওয়ায় পাটচাষীরা চরম হতাশায় পড়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2005, 08:40 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

পাট চাষের মৌসুমে বীজের তীব্র সংকট, সার-কীটনাশকের মূল্যবৃদ্ধি, মজুরদের মজুরি বৃদ্ধি ও প্রচণ্ড খরার কারণে ফলন হ্রাসের পর বিপণনের সময় পাটের মূল্য কমে যাওয়ায় কৃষকের উৎপাদন খরচ উঠিয়ে আনাই কঠিন হয়ে পড়েছে।

রাজশাহী অঞ্চলের কৃষকরা গত দুই বছরেও পাট চাষ করে আর্থিক ক্ষতির সম্মুখীন  হয়েছেন।

সূত্র জানায়, চলতি সপ্তাহে রাজশাহী অঞ্চলের হাট-বাজারে নতুন পাট উঠতে শুরু করেছে। নতুন পাট ওঠার সঙ্গে সঙ্গে গত এক সপ্তাহে পাটের দাম মন প্রতি দেড়শ থেকে ২০০ টাকা কমে গেছে। বর্তমানে রাজশাহীর বিভিন্ন উপজেলার হাটে ৫০০ থেকে ৬০০ টাকা মন দরে পাট বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও এসব হাটে সাড়ে ৬০০ থেকে ৭০০ টাকায় এক মন পাট বিক্রি হয়।

গত বৃহস্পতিবার রাজশাহীর পবা উপজেলার নওহাটা হাটে আব্দুল লতিফ (৪৮) নামের এক কৃষক ৬০০ টাকায় এক মন পাট বিক্রি করেছেন। সোমবার কৃষক লতিফ সেই একই পাট বিক্রি করেছেন মাত্র ৫০০ টাকা মন দরে।

নওহাটা, বানেশ্বর ও কাঁকন হাটের ফড়িয়ারা বিডিনিউজকে জানান, সরকার পাটের দর কমিয়ে দেওয়ায় বাজার পরিস্থিতি এমন হয়েছে।

রাজশাহী জুট মিলের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল হক বিডিনিউজকে জানান, রোববার থেকে বাংলাদেশ জুট মার্কেটিং কর্পোরেশন (বিজেএমসি) পাটের নতুন দর নির্ধারণ করেছে।

গত মাসেও উন্নতমানের পাটের দাম ৭২৯ টাকা ছিল, এখন তা ৬০০ টাকায় নেমে এসেছে। এবার বিজেএমসি প্রতি মন সি বটম ৬০০ টাকা, ক্রস বটম ৫৫০ টাকা ও তোষা পাট ৫০০ টাকা করে ক্রয় করবে।

কৃষি সম্প্রসারণ বিভাগের আঞ্চলিক অফিস সূত্র জানায়, রাজশাহী বিভাগের রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ এ আটটি জেলায় পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৭২ হাজার ১৭০ হেক্টর। কিন্তু পাট চাষ হয়েছে ৪৮ হাজার ৩৬৫ হেক্টর জমিতে। পাট চাষের ব্যয় বেড়ে যাওয়ায় লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি বলে জানা গেছে।

প্রচণ্ড খরার কারণে এবার এ অঞ্চলে পাটের ফলনও কম। বিঘা প্রতি সাত থেকে আট মন পাট হচ্ছে। অন্যসময় অনুকুল আবহাওয়ায় তা ১০ থেকে ১২ মন পর্যন্ত হয়।