২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় মন্ত্রীর নির্দেশে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই বোনকে গ্রেফতার, মা বোন লাঞ্ছিত

কুমিল্লায় পুলিশ বুধবার সন্ধ্যায় এক সাংবাদিকের বাসায় গিয়ে তার মা ও বোনকে লাঞ্ছিত করে এবং দুই বোনকে গ্রেফতার করে নিয়ে যায়। মন্ত্রী ও দলীয় নেতাদের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের কারণে ক্ষুব্ধ হয়ে এর আগে ওই সাংবাদিকের নামে পৃথক থানায় ৯ টি মামলা দায়ের করা হয়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2005, 09:42 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার ও সাপ্তাহিক মনির পত্রিকার সম্পাদক এ.কে.এম সালাউদ্দিন আহম্মদের বিরুদ্ধে কুমিল্লার দাউদকান্দি এবং হোমনা থানায় এই মামলাগুলো দায়ের করা হয়েছে।

ওই সাংবাদিকদের পারিবারিক সূত্র জানায়, এলাকার সংসদ সদস্য ও কৃষমন্ত্রী এমকে আনোয়ার ও তার দলের নেতাদের বিরুদ্ধে  দৈনিক ইনকিলাব ও সাপ্তাহিক মনির পত্রিকায় ধারাবাহিক রিপোর্ট প্রকাশিত হলে ক্ষুব্ধ মন্ত্রীর নির্দেশে এই মামলা করা হয়।

সূত্র জানায়, ২৬ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত সালাহউদ্দিনের বিরুদ্ধে দাউদকান্দি থানায় দ্রুত বিচার আইনে চারটি এবং মেঘনা ও হোমনা থানায় অপর পাঁচটি মামলা দায়ের করা হয়। 

মামলার অভিযোগে বলা হয়, সাংবাদিক সালাহউদ্দিন বিভিন্নভাবে চাঁদাবাজি ও ছাপাখানা-প্রকাশনা অ্যাক্টের ধারাতে বিভিন্ন মানুষকে হয়রানী করে আসছিল।

বুধবার সন্ধ্যায় দাউদকান্দি পুলিশ সালাহউদ্দিনের বাসভবনে গিয়ে তার মা রওশন আরা ও ভাগ্নি লামিয়া আক্তার যুথিকে (১৬) লাঞ্চিত করে। এ সময়ে পুলিশ সালাহউদ্দিনকে না পেয়ে তার দুই বোনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

 সালাহউদ্দিনের মা সাংবাদিকদের জানান, মেঘনা থানার ওসি মহিউদ্দিন ও দারোগা সেলিম বাসভবনের আসবাবপত্র ভাংচুর করে।

রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সালাহউদ্দিনের দুইবোন থানা হাজতে ছিল।