সংসদের বাইরে জ্বালাও পোড়াও করে সমস্যার সমাধান হবে না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, সংসদের বাইরে জ্বালাও পোড়াও করে সমস্যার সমধান হবে না। গণতান্ত্রিক দেশে যে কোনও সমস্যা নিয়ে সংসদে আলোচনা হতে পারে।
বুধবার গাজীপুরে কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত ফকির মজনু শাহ সেতুর উদ্বোধন পরবর্তি জনসভায় প্রধানমন্ত্রী একথা বলেন।
আওয়ামী লীগকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী আরও বলেন, তারা নির্বাচনের রায়ে ক্ষমতায় যেতে পারবে না নিশ্চিত হয়ে নির্বাচন বয়কট ও বানচালের পায়তারা করছে।
কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ব্রিগেডিয়ার (অব.) হান্নান শাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, কৃষি মন্ত্রী এমকে আনোয়ার, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মীর্জা আব্বাস, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ড. মঈন খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, ফজলুল হক মিলন এমপি, অধ্যাপক এমএ মান্নান প্রমুখ।
বিরোধী দলের সংস্কার প্রস্তাব সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখন পাঁচ বছর ক্ষমতায় ছিল, তখন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ও নির্বাচন কমিশনের সংস্কার করেনি কেন? তখন তারা শুধু সন্ত্রাস ও লুটতরাজে ব্যস্ত ছিল।
প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, বিএনপি পুনরায় ক্ষমতায় আসবে। রাজপথের আন্দোলন জনগণ সমর্থন করে না। আওয়ামী লীগ দেশের ভেতরে ও বাইরে মিথ্যাচার করেও রাজপথে লোক জমায়েত করতে পারছে না।
এর আগে প্রধানমন্ত্রী কাপাসিয়া বাজারের পশ্চিম পার্শ্বে শীতলক্ষ্যা নদীর দক্ষিণ পাড়ে ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ফকির মজনু শাহ সেতু উদ্বোধন করেন।
