বাংলাদেশী রাষ্ট্রদূতের কাগজপত্র গ্রহণে ভারতের বিলম্ব, বাংলাদেশ ‘হতাশ’
ভারতে বাংলাদেশ দূতাবাস থেকে নতুন হাই কমিশনারের ক্রেডেনশিয়ালস গ্রহণ করতে নয়াদিল্লী বিলম্ব করায় ভারত সরকারের প্রতি ঢাকা অসন্তোষ প্রকাশ করেছে।
হেমায়েত উদ্দিনকে পররাষ্ট্র সচিব নিয়োগ করার পর সরকার নেদারল্যান্ডে কর্মরত থাকা বাংলাদেশী রাষ্ট্রদূত লিয়াকত আলী চৈৗধুরীকে সম্প্রতি ভারতে বাংলাদেশী হাই কমিশনার নিয়োগ করে।
সূত্র জানায়, লিয়াকত আলী তিন মাস ধরে ভারত সরকারের কাছে তার ক্রেডেনশিয়াল প্রদানের জন্য অপেক্ষা করছেন। তবে এ সংক্রান্ত অনুষ্ঠানের তারিখ এখনও ঠিক করা হয়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ একটি সূত্র জানান, বাংলাদেশ রাষ্ট্রদূতের কাগজপত্র গ্রহণ করতে বিলম্ব করায় নয়াদিল্লীর বাংলাদেশ মিশন পরিচালনায় যথেষ্ট সমস্যা হচ্ছে।
জানা যায়, গত ২১ ও ২২ জুন নয়াদিল্লীতে ভারত ও বাংলাদেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে লিয়াকত আলী অংশ নিতে পারেননি।
আগামী ৬ থেকে ৮ আগস্ট পর্যন্ত ভারতীয় পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী কে. নটবর সিং এর ঢাকা সফরের আগে তার ক্রেডেনশিয়াল গ্রহণ করা না হলে বাংলাদেশী রাষ্ট্রদূত হিসেবে তিনি ওই সফরে যোগ দিতে পারবেন না।
ভারপ্রাপ্ত হাই কমিশনার হিসেবে সকল অনুষ্ঠানে এখন ডেপুটি হাই কমিশনার মাসুদ বিন মোমেন অংশ নিচ্ছেন।
একটি সূত্র জানায়, বাংলাদেশ গত তিন বছরে তিনবার ভারতে বাংলাদেশী হাই কমিশনার পরিবর্তন করে। এত ঘনঘন হাই কমিশনার পরিবর্তন করায় ভারত সরকারও অসন্তুষ্ট।
তবে অন্য একটি সূত্র জানায়, ঐতিহ্যগতভাবেই ভারতীয় রাষ্ট্রপতি কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের ক্রেডেনশিয়াল একসাথে গ্রহণ করেন।
