ইউপিকে শক্তিশালী করতে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ শুরু
ইউনিয়ন পরিষদকে অধিকতর কার্যকর ও শক্তিশালী করে স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা করতে সরকারি নীতিমালা বাস্তবায়ন করার জন্যে বৃহত্তর ফরিদপুর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) এবং জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশনের (জেবিআইসি) সহায়তায় এলজিইডির মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
জাইকার এ প্রকল্পের উপদেষ্টা তাকাসি ইতো বিডিনিউকে বলেন, স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং পরিকল্পনা তৈরি করে তা বাস্তবায়নের জন্যে কাজ করা হবে। বিভিন্ন কর্মকাণ্ডে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে তাদের মধ্যে অংশিদারিত্বমূলক মনোভাব সৃষ্টি হবে। এর ফলে স্থানীয় সেবার ওপর জনগণ একটি পরিষ্কার ধারণা লাভ করবে।
পরীক্ষামূলকভাবে শরিয়তপুর জেলার ছয়গাঁও ইউনিয়নে প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। এবং এর আওতায় বৃহত্তর ফরিদপুরের প্রতি জেলায় ২৭টি করে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে।
প্র্রকল্পের আওতায় গ্রামবাসী এবং সেবাদানকারি সংস্থাগুলোর মধ্যে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিদ্যমান সেবা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদকে সেবাদান কেন্দ্রে পরিণত করা হবে।
এছাড়া পাড়া, মহল্লা ও ওয়ার্ড পর্য়ায়ের উন্নয়ন নিশ্চিত করতে ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি গঠন করে ওই কমিটির মাধ্যমে ক্ষুদ্র স্কিম বাস্তবায়ন করা হবে।
প্রত্যেক ওয়ার্ডে মহিলা ফোরাম গঠন করে মহিলাদের কর্মসংস্থানের সুযোগ সৃস্টি করতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। মহিলাদের চাহিদা ও বিভিন্ন সমস্যা চিহ্নিত করে মতবিনিময়ের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
জাইকার উপদেষ্টা তাকাসি ইতো বিডিনিউকে বলেন, প্রকল্প এসব কর্মসুচি বাস্তবায়ন হলে জনগণ তাদের প্রত্যাশিত সুবিধা পেতে শুরু করবে।
