খোকন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী ইদুলসহ ৩ জনের ফাঁসি
রাজধানীর গোপীবাগের রবিউল্ল্যাহ খোকন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী ইদুলসহ তিনজনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেয়া হয়েছে।
ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফিরোজ আলম বুধবার এ রায় দেন। তবে অপর দু’ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের খালাস দেন আদালত।
ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছে, আব্দুল্লাহ হেল বাকী ইদুল, আরিফুল ইসলাম শিমুল ও মামুনুর রশিদ মামুন এবং খালাসপ্রাপ্তরা হচ্ছে, জাবেদ ওরফে জবা ও আমির হোসেন তোতা।
১৯৯৯ সালের ২৩ এপ্রিল এলাকায় আধিপত্য ও ফেনসিডিল ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে নগরীর গোপীবাগে খোকন খুন হয়।
মামলায় বলা হয়, ঘটনার দিন শুক্রবারের জুমার নামাজ শেষে রবিউল্ল্যাহ খোকন, পিপন, তপন ও ইসমাইল স্থানীয় কবরস্থানে তাদের আত্মীয়দের কবর জিয়ারত শেষে বাড়ি ফেরার সময় রামকৃষ্ণ মিশন রোডে পূর্ব পরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা আসামিরা চাপাতি, ছোরা নিয়ে খোকনের ওপর হামলা চালায়। আহত খোকনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।
উল্লেখ্য, ঘটনার সময় পিপন ও তপন পালিয়ে যায়।
খোকন নিহত হবার পর তার বাবা হাজী চান মিয়া মতিঝিল থানায় ছয় জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত চলাকালে আসামি আসিফের মৃত্যু হয়।
১৫ জন নির্ধারিত সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।
