শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২৩১ জন কর্মকর্তা-কর্মচারির ২৩ মাস ধরে বেতন-ভাতা বন্ধ
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২৩১ জন কর্মকর্তা-কর্মচারির ২৩ মাস ধরে বেতন-ভাতা বন্ধ রয়েছে।
সরকারি বিধি অনুযায়ী নিয়োগ প্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বহী প্রকৌশলী, সহকারী প্রধান স্থপতি, উপ-সহকারী প্রকৌশলীসহ অন্যান্য পদের এসব কর্মকর্তা-কর্মচারি আটটি উন্নয়ন প্রকল্পে ২০ বছরের বেশি সময় ধরে কর্মরত রয়েছেন।
সরকার ঘোষিত উন্নয়ন প্রকল্পে কর্মরত কর্মকর্তা-কর্মচারিদের রাজস্ব বাজেটে স্থানান্তর বিধিমালায় শর্তানুযায়ী অনুযায়ী ১৯৭২ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত উন্নয়ন প্রকল্পে কর্মরত কর্মকর্তা-কর্মচারিরা রাজস্ব বাজেটের আওতায় আসবে।
দাপ্তরিক সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাজের গাফিলতির কারণে এসব কর্মকর্তা-কর্মচারি সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
সূত্র আরও জানায়, ওই বিধিমালা চূড়ান্ত হওয়ার আগে সঠিক সময়ে সংস্থাপন মন্ত্রণালয়ে উন্নয়ন প্রকল্পের জনবল রাজস্ব খাতে স্থানান্তরের সুপারিশ না করায় তারা ভোগন্তির শিকার হচ্ছে।
সরকার ঘোষিত বিধিমালা ছাড়া ও শিক্ষা মন্ত্রণালয় আলাদাভাবে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরে উন্নয়ন প্রকল্পে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারিদের রাজস্ব বাজেটের আওতায় নিয়মিতকরণ ও জ্যেষ্ঠতা নির্ধারণ বিধিমালা ২০০৫ চূড়ান্ত করা হয়েছে।
এর আওতায় ১ জানুয়ারী ১৯৯৬ সাল হইতে ৩১ ডিসেম্বর ২০০৪ পর্যন্ত উন্নয়ন প্রকল্পে কর্মরত কর্মকর্তাদের নিয়মিতকরণ করা হবে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সুবিধাবঞ্চিত এসব কর্মকর্তা-কর্মচারির চাকুরির বয়স হয়েছে ২০ থেকে ২৫ বছর। এদিকে, চলতি বছরে অনেক প্রকল্প বন্ধ হয়ে যাবে বলে জানা গেছে।
