২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পররাষ্ট্র মন্ত্রীর অনুষ্ঠানের খবর সংগ্রহে বিডিনিউজ প্রতিবেদককে বাধা

পররাষ্ট্র মন্ত্রীর এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানোর পরও বিডিনিউজের একজন রিপোর্টারকে মঙ্গলবার অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেওয়া হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2005, 07:57 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

জাতীয় প্রেসক্লাবে ওভারসীস করস্পন্ডেন্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (ওকাব) এর সদস্যদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর ‘ইন্টারেক্টিভ সেশন’ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

পররাষ্ট্র মন্ত্রীর দপ্তর থেকে এ অনুষ্ঠানে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পাওয়ার পর বিডিনিউজের একজন রিপোর্টার সংবাদ সংগ্রহ করতে অনুষ্ঠানস্থলে যান। কিন্তু ওকাবের সাধারণ সম্পাদক এবং ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া‘র (ইউএনআই) প্রতিনিধি ও বার্তা সংস্থা ইউএনবি’র প্রধান প্রতিবেদক শামীম আহমদ বিডিনিউজের প্রতিবেদককে প্রবেশ করতে বাধা দেন এবং জানান, এটি ওকাব সদস্যদের একটি নিজস্ব অনুষ্ঠান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের  আমন্ত্রণের বিষয়টি তাকে জানানো হলে শামীম আহমদ পররাষ্ট্র মন্ত্রনালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে ভর্ৎসনা করেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জহির আহমদ সোমবার ফ্যাক্সের মাধ্যমে বিডিনিউজকে আমন্ত্রণ জানিয়েছিলেন। ঘটনার পরে তিনি বিডিনিউজ’র প্রতিবেদকের কাছে দুঃখ প্রকাশ করেন।

ওকাবের সাধারণ সম্পাদক শামীম আহমদ অনুষ্ঠানটিকে ওকাব সদস্যদের নিজস্ব অনুষ্ঠান দাবি করলেও বিটিভি, এনটিভি, চ্যানেল আই, এটিএন বাংলা’র রিপোর্টার ও ফটোগ্রাফার সংবাদ সংগ্রহ করার অনুমতি দেন।

বিডিনিউজসহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমের ফটো সাংবাদিকরা পররাষ্ট্র মন্ত্রীকে ঘিরে থাকা শামীম আহমদসহ ওকাবের নেতাদের ছবি তুলেন।