২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে দাওয়াত ফিরিয়ে দেওয়ার পরও আইনমন্ত্রীর অনুষ্ঠানে বিচারকরা যোগ দিয়েছেন

দাওয়াত ফিরিয়ে দেওয়ার পরও কর্তৃপক্ষের হুমকি-ধামকিতে আইনমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দিতে হয়েছে নারায়ণগঞ্জ জেলা জজসহ ১৩ জন বিচারককে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2005, 07:40 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

অপরদিকে, জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিতদের অভিষেক অনুষ্ঠানে আইনমন্ত্রীর আগমনের প্রতিবাদে সম্মিলিত আইনজীবী পরিষদ অনুষ্ঠান বয়কট করে এবং কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করে।

এদিকে জেলা আইনজীবীর সমিতির অভিষেক অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ মো. আবুল মনসুরকে অতিথি না করে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী প্রফেসর রেজাউল করিমের স্ত্রী অ্যাড. সুরাইয়া করিম মুন্নীকে অতিথি করা হয়। এ ঘটনার প্রতিবাদে নারায়ণগঞ্জ জজ কোর্টে কর্মরত ১৩ জন বিচারক আইনজীবী সমিতির দাওয়াত ফিরিয়ে দেন এবং অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নেন।

বিষয়টি আইন মন্ত্রণালয়সহ সরকারের ঊর্ধ্বতন মহলে জানাজানি হলে মঙ্গলবার সকাল থেকে জেলা জজসহ অন্যান্য জজকে টেলিফোনে হুমকি দেওয়া হতে থাকে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।

আইনজীবীদের একটি সূত্র জানায়, অবশেষে চাকরি বাঁচাতে ১৩ জন বিচারক দাওয়াত ফিরিয়ে দেওয়ার পরও জেলা আইনজীবী সমিতির নির্বাচিতদের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছেন।