বাংলাদেশের উচ্চশিক্ষার মান উন্নয়নে বিশ্বব্যাংক সাহায্য দানে সম্মত
বাংলাদেশের উচ্চশিক্ষার মান উন্নয়ন এবং সম্প্রসারণে বিশ্বব্যাংক কারিগরি ও আর্থিক সহায়তা দানে সম্মত হয়েছে। এ লক্ষ্যে দেশের উচ্চশিক্ষা বিশেষতঃ সরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য কৌশলগত পরিকল্পনা প্রণয়নের কাজ এ মাসের মধ্যে সম্পন্ন হবে।
মঙ্গলবার ঢাকায় শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের সাথে বিশ্বব্যাংকের এক প্রতিনিধিদল দেশের শিক্ষাখাতে সহায়তা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিন আই ওয়ালিক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
আলোচনায় দেশের শিক্ষা খাতের মান উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধিতে বিশ্বব্যাংকের বর্তমান প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং এতে প্রতিনিধিদল সন্তোষ প্রকাশ করেন।
শিক্ষামন্ত্রী বলেন সরকার শিক্ষাকে মানব সম্পদ উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে প্রধান কৌশল হিসেবে বিবেচনা করছে। তিনি বলেন সরকার শিক্ষার মান উন্নয়নের পূর্বশর্ত দক্ষ শিক্ষক, আর এ জন্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন ২০০৫ পাশ করেছে।
তিনি বলেন ভোকেশনাল, পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠানসহ কারিগরি ও প্রযুক্তি শিক্ষার সম্প্রসারণের মাধ্যমে দক্ষ জনসম্পদ তৈরি এবং বিশ্বায়নের সুফল গ্রহণের সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি চলমান উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে বিশ্বব্যাংকের অব্যাহত সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান।
আলোচনায় দেশের পাবলিক পরীক্ষাসমূহের ফলাফল, শিক্ষক প্রশিক্ষণ, নিয়োগ, মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন, উপবৃত্তি এবং নারী শিক্ষার উন্নয়নসহ বিভিন্ন বিষয় স্থান পায়। এ সময় দেশের সরকারি বিশ্ববিদ্যালয়সমূহের নিজস্ব আয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
শিক্ষা সচিব আব্দুল আজিজ, অতিরিক্ত সচিব মুহম্মদ আসহাবুর রহমান ও বিশ্বব্যাংকের অমিত ধর আলোচনাকালে উপস্থিত ছিলেন।
