কেরাণীগঞ্জে ট্রলার চালকের লাশ উদ্ধার
কেরাণীগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার সকালে সাতের চর এলাকা থেকে ক্ষতবিক্ষত এক ট্রলার চালকের লাশ উদ্ধার করেছে। নিহতের নাম আনোয়ার হোসেন(৪৫)। পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ইব্রাহীম ও আয়েশা দম্পতিকে গ্রেফতার করেছে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, রোববার রাত আটটার দিকে ডেমরা থানার মুন্সীখোলা ঘাট থেকে পাগলাবাজার যাওয়ার কথা বলে ইব্রাহীম, আয়েশা ও সানি ট্রলারটি ভাড়া নেয়। পরে তাকে ওই রাতেই হত্যা করে কেরাণীগঞ্জের সাতের চরে ফেলে রেখে ইঞ্জিনচালিত নৌকাটি নিয়ে তারা পালিয়ে যায়। সোমবার দুপুরে ইঞ্জিনটি বাঙ্গালীবাজারে বিক্রি করলে পুলিশের সন্দেহ হয়। এক পর্যায়ে জিজ্ঞাসাবাদের পর তাদেরকে আটক করে।
এদিকে নিহত আনোয়ারের সন্ধান না পেয়ে তার ছেলে জসীম বিষয়টি কেরাণীগঞ্জ থানাকে অবহিত করে। কেরাণীগঞ্জ থানা পুলিশ এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে সাতের চর এলাকা থেকে আনোয়ারের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে মিডফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে কেরাণীগঞ্জ থানায় নিহতের ছেলে বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে।
