কয়লা খনি ইজারা দেয়ার জন্য নতুন নীতিমালা করতে কমিটি
কয়লা খনি ইজারা দিতে নতুন নীতিমালা করার জন্য সরকার সোমবার একটি কমিটি গঠন করেছে। কমিটি ইজারা প্রক্রিয়ার অংশ হিসাবে আন্তর্জাতিক দরপত্র আহবান, রয়্যালিটি বাড়ানোসহ বর্তমান নীতিমালার বিভিন্ন দিক পর্যালোচনা করে কি পরিবর্তন আনা যায় তা নিয়ে ৪৫ দিনের মধ্যে সুপারিশ পেশ করবে।
জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) আবদুস সাত্তার মিয়াকে কমিটির প্রধান করা হয়েছে। তবে কমিটির অন্যান্য সদস্যদের নাম পরে ঘোষনা করা হবে।
জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের সভাপতিত্বে সোমবার মন্ত্রনালয়ে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠন করা হয়।
অন্যদিকে বাংলাদেশের কয়লা আহরণের জন্য ওপেনপিট নাকি আন্ডারগ্রাউন্ড খনি করা লাভজনক হবে এ নিয়ে একটি নিরীক্ষা চালানোর জন্য ইউএসএআইডি ও বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাওয়া হয়েছে।
বর্তমান নীতিতে কয়লা খনি ইজারা দিতে কোন আন্তর্জাতিক দরপত্র আহ্বানের বিধান নেই। যে কোন কোম্পানির আবেদনের ভিত্তিতে সরকার কয়লা অনুসন্ধানের জন্য ইজারা দিতে পারে। বর্তমান নীতিমালা অনুযায়ী ওপেনপিট মাইনিং এর জন্য ৬ শতাংশ এবং আন্ডারগ্রাউন্ড মাইনিং এর জন্য ৫ শতাংশ রয়্যালিটি পায় সরকার। বাকি অংশ পায় বিনিয়োগকারী কোম্পানি।
বর্তমানে কয়লা অনুসন্ধানের জন্য সরকারকে লাইন্সেস ফি বাবদ প্রথম ১০০ হেক্টর জমির জন্য ৩,০০০ টাকা এবং পরবর্তী প্রতি হেক্টরের জন্য মাত্র ১০০ টাকা দিতে হয়। পরে কয়লা উত্তোলন করতে গেলে প্রথম ১০০ হেক্টরের জন্য ৭৫,০০০ টাকা এবং পরবর্তী প্রতি হেক্টরের জন্য ৩০০ টাকা দেয়ার বিধান আছে।
সাংবাদিকদের সাথে আলাপকালে মাহমুদুর রহমান বলেন, বিশ্বের অপরাপর দেশের ইজারা নীতি, রয়্যালিটিসহ অন্যান্য বিষয় অনুসরণ করে নতুন নীতি প্রণয়ণের জন্যই এই কমিটি গঠন করা হয়েছে।
