সৌদি বাদশাহ ফাহাদের মৃত্যুতে শেখ হাসিনার শোক জ্ঞাপন
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা সৌদি আরবের বাদশাহ ফাহাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় শেখ হাসিনা সারা বিশ্বের মুসলিম উম্মাহর উন্নয়নে বাদশাহ ফাহাদের গৌরবজ্জ্বল ভূমিকার প্রশংসা করে বলেন, তাঁর মৃত্যুতে মুসলিম উম্মাহর অপুরনীয় ক্ষতি হলো।
শেখ হাসিনা মরহুম বাদশাহর রূহের মাগফেরাত কামনা করেন এবং সৌদি আরবের শোকাহত জনগণ ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বার্তায় শেখ হাসিনা সৌদি আরবের নবনিযুক্ত বাদশাহ আব্দুল্লাহকে অভিনন্দন জানান। তিনি বাদশাহর সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করেন এবং আশা প্রকাশ করে বলেন, তাঁর সুযোগ্য নেতৃত্বে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হবে।
