২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অটোরিক্সায় নির্দিষ্ট ৫টি সংস্থার মিটার সংযোজনের নিদের্শে হাইকোর্টের নিষেধাজ্ঞা

চট্টগ্রাম মহানগরীতে চার-স্ট্রোকবিশিষ্ট অটো-রিক্সায় মিটার ক্রয় ও সংযোজনের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্দিষ্ট পাঁচটি সংস্থাকে নির্দিষ্ট করে যে নির্দেশ জারি করেছে হাইকোর্ট সোমবার তা স্থগিত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2005, 07:46 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

একই সাথে আদালত নির্দিষ্ট পাঁচটি সংস্থার নিকট থেকে মিটার ক্রয় ও সংযোজনের বাধ্যবাধকতার সিদ্ধান্ত কেন বাতিল করা হবে না তার কারণ দর্শাতে সরকারের প্রতি একটি রুল নিশি জারি করেন। সরকারকে তিন সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

চট্টগ্রাম মহানগরী অটো রিক্সা মালিক সমিতির দায়ের করা রিট আবেদনের ভিত্তিতে বিচারপতি মো: আব্দুল মতিন এবং বিচারপতি মামনুন রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আবেদনকারীর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু বলেন, বিআরটিএ চট্টগ্রাম মহানগরীতে চলাচলরত সিএনজি ও পেট্রোল চালিত সকল অটো রিক্সায় শুধুমাত্র পাঁচটি নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে মিটার ক্রয় ও সংযোজন করার সিদ্ধান্ত উদ্দেশ্য প্রণোদিত।

চট্টগ্রাম মহানগর অটো রিক্সা (বেবী টেক্সি) মালিক সমিতির পক্ষে দায়েরকৃত রিট পিটিশটি পরিচালনায় অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুকে সহায়তা করেন অ্যাডভোকেট আবু জাফর সিদ্দিকী ও অ্যাডভোকেট তোরব আলী খান।