গৃহশিক্ষক না অপহরণকারী!
একবার ভাবুন তো আপনার ঘরেই বাস করছে আপনার সন্তানের অপহরণকারী! থাকছে, খাচ্ছে আর আপনার সন্তানকে পড়াচ্ছে। ভালো মানুষ। কথা বলে কম। পড়ায়ও ভালো। আপাত দৃষ্টিতে আপাদমস্তক একজন ভদ্রলোক। এমন হলেও-- একদিন সুযোগ বুঝে এই গৃহশিক্ষকই যদি সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়ে আপনার সন্তানকে অপহরণ করে নিয়ে যায়! দাবি করে মুক্তিপণ!
অনেকেই নগর জীবনে ব্যস্ততার কারণে সন্তানের লেখাপড়ার জন্যে বাসায় গৃহশিক্ষক বা লজিং মাস্টার রাখেন। অনেক ক্ষেত্রেই প্রতিবেশী, পরিচিত বা গ্রামের কোন আত্মীয়ের মাধ্যমেই নিয়োগ দেওয়া হয় এদের।
এসব লজিং মাস্টারের অতীতের খোঁজখবর বা পুরোপুরি ঠিকানাও অনেকেই রাখেন না। আর এ সুযোগে এদের কেউ কেউ অবতীর্ণ হয় অপহরণকারীর ভূমিকায়।
মুসলিম মডার্ন একাডেমীর পঞ্চম শ্রেণীর ছাত্র আবুল খায়ের রাসেলকে (১০) তারই গৃহশিক্ষক সোহেবুল ইসলাম ওরফে শিবলুর (২২) সহায়তায় ১৯ জুলাই অপহরণ করা হয়।
গৃহশিক্ষকের মদদপুষ্ট সন্ত্রাসীরা শিশু রাসেলের পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করে রাসেলের বাড়িতে চিরকুট পাঠায়।
এতে লেখা ছিলো -- ‘ছেলেকে পেতে হলে ২৪ ঘন্টার মধ্যে এক লাখ টাকা নিয়ে আশুলিয়া ব্রিজের ওপর আস, তা না হলে তাকে হত্যা করা হবে’।
অপহৃত শিশুর আত্মীয় আবু সাঈদ ঘটনাটি র্যাবকে জানায়।
পরিকল্পনা অনুযায়ী ২০ জুলাই র্যাবের একটি দল সাদা পোশাকে বাদিসহ আশুলিয়া ব্রিজের আশপাশে অবস্থান নেয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ওই স্থানে আসেনি। পরদিন ২১ জুলাই তারা বাদির সাথে মোবাইলে যোগাযোগ করে জানায়, র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা আসেনি।
তারা হুমকি দিয়ে বলে পরবর্তীতে র্যাবকে জানালে তার ছেলেকে হত্যা করা হবে। সন্ত্রাসীরা রাসেলের পরিবারকে টেলিফোনে জানায়, শিশুকে জীবিত পেতে হলে গৃহশিক্ষক শিবলীর সাথে যোগাযোগ করতে।
বিষয়টি র্যাবকে জানালে অপহরণের সাথে শিবলুর জড়িত থাকার বিষয়ে সন্দেহ হয় র্যাব কর্তৃপক্ষের। তারা শিবলুকে তার বাসা থেকে আটক করে ২৮ জুলাই। জিজ্ঞাসাবাদে শিবলু তার অপরাধ স্বীকার করলে অপর আসামি টুটুলকে (১৬) ইব্রাহীমপুর থেকে গ্রেপ্তার করা হয়।
অপহরণের সাথে সরাসরি জড়িত থাকার কারণে মহাখালির হোটেল ফেন্সী ইন--এর ম্যানেজার হারুনকে তার অফিস থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৯ হাজার টাকা এবং শিবলুর বাসা থেকে উদ্ধার করা হয় ৫১ হাজার টাকা ও একটি মোবাইল ফোন সেট।
রাসেলের পরিবার জানায়, তারা প্রতিবেশী এক ব্যক্তির মাধ্যমে শিবলুকে গৃহশিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছিলো। শিবলু সম্পর্কে তারা কিছুই জানতো না।
এ ব্যাপারে র্যাব--৪ এর সেকেন্ড--ইন--কমান্ড ইহতেশামস সামাদ বিডিনিউজকে বলেন, গৃহশিক্ষক নিয়োগের সময় তার সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা উচিত।
একদম অপরিচিত কাউকে গৃহশিক্ষক হিসেবে নিয়োগ দিলে এর চেয়েও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে তিনি জানান।
