২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে এনজিও কর্মী খুন : মনির চার দিনের রিমাণ্ডে

জেলার বোয়ালমারী উপজেলার ধোপাপাড়া গ্রামে বৃহস্পতিবার রাতে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তদের হাতে নিহত দ্য খ্রীস্টান লাইফ, বাংলাদেশ’র দুই কর্মী তপন কুমার রায় ও লিপলাল মারান্ডির হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ভ্যানচালক মনিরকে (২২) ৪ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2005, 09:30 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

অন্যদিকে, জিজ্ঞাসাবাদ শেষে চম্পা বেগমকে (৩৫) রোববার ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর পাঠানো হয়েছে। আটক অপর দু’জন নজরুল (২২) ও বাকাকে (৪০) পুলিশ রোববার ছেড়ে দিয়েছে। হত্যার তিনদিন পরেও পুলিশ রহস্যের জট খুলতে পারে নি।

সূত্র জানায়, যিশুখ্রিস্টের জীবনী ভিত্তিক ভিডিও চিত্র প্রদর্শনী করতে নিষেধ করেছিলেন স্থানীয় ধোপাপাড়া আশরাফুল উলুম মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার হাফেজ আব্দুল্লাহ আল মামুন। তিনি নিহত দুই এনজিও কর্মীকে মাদ্রসায় ডেকে নিয়ে গিয়ে হুমকিও দিয়েছিলেন বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

হাফেজ মামুন গত শনিবার সকালে তার বাড়ি লোহাগড়া উপজেলার যাওয়ার কথা বলে মাদ্রাসা থেকে বের হন। কিন্তু রবিবার বিকাল পর্যন্ত তিনি ফিরে না আসায় সন্দেহের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ধারণা করছে, তিনি বাড়ি যাওয়ার কথা বলে আত্মগোপন করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান, মনিরকে চারদিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে অসংলগ্ন কথা বলছে। এতে সন্দেহ আরও ঘণিভূত হচ্ছে।

তিনি আরও বলেন, যে ঘরে তপন ও লিপকে হত্যা করা হয়েছে, সে ঘরে একটি রক্তমাখা শার্ট পাওয়া গেছে। জামাটি যে মনিরের এ ব্যাপারে আমরা নিশ্চিত। অন্যদিকে তপনের সাথে চম্পার অবৈধ সম্পর্ক ছিল। হত্যাকান্ডের দিন রাতে চম্পা তপনের সাথে রাত কাটিয়েছে। এ জন্য চম্পাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠঅনো হয়েছে। ডাক্তারি পরীক্ষায় নিশ্চিত হওয়ার পর চম্পাকেও রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।