২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসমাবেশ ৫ আগস্ট

সরকার সমর্থিত আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (জেএএফ) আগামী ৫ আগস্ট সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গনে মহাসমাবেশ করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (এসএএসপি) ২৯ জুলাইয়ের মহাসমাবেশের পাল্টা কর্মসূচি হিসেবে এ মহাসমাবেশ আহ্বান করা হয়েছে।

রোববার এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ ঘোষণা দেয়। সম্মেলনে ফোরামের নেতারা অভিযোগ করেন, বিরোধী দল সমর্থিত আইনজীবীদের সংগঠন এসএএসপি বিচার বিভাগকে আক্রমন করার মাধ্যমে সুপ্রীম কোর্টকে ধ্বংস করতে চাচ্ছে।

ফোরামের সহ সভাপতি অ্যাডভোকেট একে মুজিবুল হক বলেন, ‘সুপ্রীম কোর্ট চত্বরে বিক্ষোভ না করতে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে তারা বিচার ব্যবস্থাকে আক্রমন করেছে। হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আপীল না করে তারা অমান্য করছে। এসব তৎপরতার প্রতিবাদে আমরা মহাসমাবেশ করবো।’

তিনি আরও বলেন, সামরিক আদালত মহিউদ্দিন আহমদ জিন্টুকে অন্যায়ভাবে সাজা দিয়েছিল। সরকার সংবিধান অনুযায়ি মামলার রেকর্ড পর্যালোচনা করে তার সাজা মওকুফ করেছে।

জেএএফ সভাপতি অ্যাডভোকেট টিএইচ খান বলেন, বিরোধী দলের আইনজীবীরা আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের ভাবমূর্তি ক্ষুন্ন করতে তার বিরুদ্ধে মিথ্যা, অগণতান্ত্রিক ও মানহানিকর বক্তব্য প্রদান করছে।

অ্যাডভোকেট টিএইচ খান আরও বলেন, মহাসমাবেশ সফল করতে ১ ও ২ আগস্ট সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি হল রুমে সিনিয়র আইনজীবীদের সঙ্গে মতবিনিময় হবে।

সম্মেলনে ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, সহ সভাপতি গোলাম আরশাদ প্রমুখ উপস্থিত ছিলেন।