সাভারে জাতীয় যুব সংহতির ২ নেতা খুন
সাভারের বিরলীয়া ইউনিয়নের সাদুল্লাপুর থেকে পুলিশ শনিবার রাতে জাতীয় পার্টি (এরশাদ) সমর্থিত মহানগর জাতীয় যুব সংহতির দুই নেতার লাশ উদ্ধার করেছে।
নিহতরা হলেন, ঢাকা মহানগরের (উত্তর) সাংগাঠনিক সম্পাদক মো. নাদেম (৩৩) এবং পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. রাজ্জাক (৩৩)।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে তাদের মিরপুর মাজার রোডের প্রথম কলোনী বাসা থেকে বের হওয়ার পর তারা আর ফিরে আসেনি। শনিবার সন্ধ্যায় জেলেরা সাদুল্লাপুর তুরাগ নদীতে দুটি ভাসমান লাশ দেখে পুলিশে খবর দেয়।
রাত ৯টার দিকে এসআই সাত্তার লাশ দুটি উদ্ধার করেন। নিহতদের আত্মীয়রা তাদের লাশ সনাক্ত করেন।
লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
রাজনৈতিক বা পারিবারিক শত্রুতার জের ধরে তাদের হত্যা করা হয়েছে কিনা, তা তাদের পরিবার নিশ্চিত করে বলতে পারছে না। তবে পুলিশের ধারণা লাশ গুম করার জন্যে নদীতে ফেলে দেওয়া হয়।
এ ব্যাপারে সাভার থানায় মামলা করা হয়েছে।
