তাঁতীবাজারে সাড়ে ১৩ কেজি রূপা ছিনতাইয়ের ঘটনায় ৫ পুলিশসহ ৮ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল
তাঁতীবাজারের ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ১৩ কেজি রূপার অলংকার এবং ২৮ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে পাঁচ পুলিশ, দুই ট্রাক ড্রাইভার ও এক হোটেল ম্যানেজারের বিরুদ্ধে শুক্রবার আদালতে চার্জশীট দাখিল করা হয়েছে।
ঢাকার মূখ্য মহানগর হাকিমের আদালতে দ্রুত বিচার আইনে ৪(১) ও ৫ ধারায় কোতোয়ালি থানার এএসআই খলিল উল্যাহ, নায়েক আব্দুল বারী, কনস্টেবল রফিকুল, কনস্টেবল কোরবান ও কনস্টেবল শামসুজ্জামান, ড্রাইভার শাহাদাৎ ও জসিম এবং হোটেল ম্যানেজার রিপনকে আসামী করে এই চার্জশীট দাখিল করা হয়।
কোতোয়ালী থানার এসআই মকবুল হোসেন তদন্ত শেষে ওই চার্জশীট দাখিল করেন। ওই চার্জশীটে ২৯ জনকে স্বাক্ষী করা হয়েছে। আসামীদের মধ্যে কনস্টেবল রফিকুল ছাড়া বাকিরা জেল হাজতে রয়েছে।
২০ জুলাই সকাল সাড়ে ১১টায় তাঁতী বাজারের জুয়েলারি দোকানের কর্মচারী সোহেল রানা ও শ্যামল সিলেট থেকে সাড়ে ১৩ কেজি রূপার অলংকার কিনে তাঁতী বাজার মোড়ে আসলে অভিযুক্ত পাঁচ পুলিশ তল্লাশীর নাম করে ওই সমস্ত অংলংকার আটক করে।
পরে তারা কর্মচারীদের কাছে ৫০ হাজার টাকা ঘূষ দাবি করে এবং না দিতে পারলে ক্রসফায়ারে মেরে ফেলার হুমকি দেয়। বাধ্য হয়ে সোহেল ও শ্যামল ২৮ হাজার টাকা জোগাড় করে অভিযুক্তদের হাতে তুলে দেয়। তবে টাকা নিয়ে তারা অলংকার ও ২৮ হাজার টাকা ফেরত দিতে অস্বীকার করে।
পরে সোহেল রানা এ ব্যাপারে কোতোয়ালী থানায় মামলা করলে ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসআই খলিল উল্যাহসহ অপর তিন পুলিশকে গ্রেফতার করে।
তাদের দেওয়া তথ্য মতে ড্রাইভার ও হোটেল ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে ২৫ হাজার ১’শ টাকা উদ্ধার করে। ম্যানেজার রিপনের কাছ থেকে ২৪ জুলাই সাড়ে ১৩ কেজি রূপার অলংকার উদ্ধার করা হয়।
