২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভারতের নদী সংযোগ প্রকল্প বাংলাদেশে দুর্যোগ বয়ে আনবে’

রাজধানীতে অনুষ্ঠিত এক সেমিনারে বিশেষজ্ঞরা বলেছেন, ভারতের প্রস্তাবিত নদী সংযোগ প্রকল্প বাস্তবায়িত হলে ব্রহ্মপুত্র এবং অন্যান্য নদীর গতিপথ পরিবর্তিত হয়ে বাংলাদেশের কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব ফেলবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2005, 08:30 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

ভবিষ্যত পরিকল্পনার ক্ষেত্রে রাজনৈতিক অঙ্গীকারের ওপর গুরুত্বারোপ করে তারা বলেন, ভারত যাতে নদী সংযোগ প্রকল্প বাস্তবায়ন করতে না পারে, সেজন্য রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে।

নগরীর সিরডাপ মিলনায়তনে শনিবার সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যাণ্ড পিস সাডিজ (সিএসপিএস) আয়োজিত ‘বাংলাদেশের পানি ব্যবস্থাপনা : আঞ্চলিক ইস্যু ও উদ্বেগ’ শীর্ষক সেমিনারে বক্তারা একথা বলেন।

সেমিনারে আইইউসিএন’র বাংলাদেশ প্রতিনিধি ড. আইনুন নিশাত এ বিষয়ের ওপর একটি প্রবন্ধ পাঠ করেন। সঞ্চালক ছিলেন সিএসপিএস’র নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) এম আজিজুর রহমান।

ড. আইনুন নিশাত বলেন, জাতিসংঘ নীতিমালা ও আন্তর্জাতিক আইন অনুযায়ী, প্রাকৃতিক সম্পদ সম্প্রসারণে সকল দেশের অধিকার আছে এবং একই সাথে তাদের কর্মকান্ডে যাতে অন্য দেশের ক্ষতি না হয়, সেদিকটিও দেখতে হবে।

তিনি বলেন, সকল দেশকে পানি সম্পদের অববাহিকা ভিত্তিক ব্যবস্থাপনা গ্রহণ করতে বলা হয়েছে। তাই কোনও দেশই অন্য দেশের ক্ষতি হবে, এমন প্রকল্প হাতে নিতে পারে না।

ভারতের প্রস্তাবিত নদী সংযোগ প্রকল্পের কঠোর সমালোচনা করে বাংলাদেশ ওয়াটার পার্টনারশীপ চেয়ারম্যান কামরুল ইসলাম সিদ্দিকী বলেন, ফারাক্কা বাঁধের কারণে পানি আসতে বাধা দেওয়ায় বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, নদী সংযোগ প্রকল্প বাস্তবায়িত হলে তা দেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দেবে।

যৌথ নদী কমিশনের সদস্য তৌহিদুল আনোয়ার খান বলেন, ভারতের নদী সংযোগ প্রকল্পের ব্যাপারে ভারত ও বাংলাদেশের আলোচনার মধ্যে যথেষ্ট অসামঞ্জস্য রয়েছে। তিনি বলেন, নদী সংযোগ প্রকল্পের ফলে কি কি খারাপ প্রভাব পড়তে পারে, তা জানার অধিকার বাংলাদেশের রয়েছে।

সেমিনারে অন্যান্যের মধ্যে পররাষ্ট্র বিষয়ক আইন কর্মকর্তা ব্যারিস্টার একেএইচ মোরশেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল বক্তব্য রাখেন।

ভারত গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ ও অন্যান্য খরাপ্রবণ এলাকার ৩৫ থেকে ৩৭ মিলিয়ন হেক্টর জমিতে সেচ সুবিধা দেয়ার জন্য নদী সংযোগ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে।

এই প্রকল্পের আওতায় ভারতের গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর পানির গতিপ্রবাহ পরিবর্তন করে উত্তরাঞ্চলের হিমালয় সংলগ্ন ১৪টি নদী এবং দক্ষিণাঞ্চলের উপকূল অঞ্চলের ১৬টি নদীর মধ্যে সংযোগ স্থাপন করা হবে।